মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে গভীর ও সবচেয়ে কাছের সম্পর্ক। মায়ের মতো করে কেউ হয়ত কোনওদিন সন্তানকে বুঝতে বা ভালবাসতে পারে না। সেই মাকেই মৃত্যু শয্যায় লড়াই করতে দেখা যে কতটা কষ্টের, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।
কিছুদিন আগে একটি ভিডিও বেশ ভাইরাল হয় যাতে দেখা যায় সোহম চট্টোপাধ্যায় নামের কলকাতার এক যুবক ‘তেরা মুঝসে হ্যায় পহেলা নাতা কোই’ এই গান গেয়ে করোনায় মরণাপন্ন মাকে ভিডিও কলে চির বিদায় জানাচ্ছেন। এক চিকিৎসকের ফোনে ভিডিও কল করে মায়ের জন্য এই গান করেন সোহম। আর এই গানের কিছু ঘণ্টা পরই মৃত্যু হয় তাঁর মায়ের। সেই চিকিৎসকই সোহমের গানের এই আবেগঘন মুহূর্ত টুইটারে শেয়ার করেন।
সোহম সম্প্রতি আবার একটি ভিডিও শেয়ার করেন সেই একই গান গেয়ে নিজের মাকে শ্রদ্ধা জানানোর জন্য। ভিডিওর সঙ্গে তিনি লেখেন, “গানই আমাকে আর আমার মাকে এক সূত্রে বেঁধে রাখত। এভাবেই আমরা একে অপরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করতাম। এই গানটা আমাদের। মা জানতেন, এখনও জানেন। আমি তোমায় খুব ভালবাসি মা… তোমাকে ছাড়া থাকা খুব কষ্টের”।
View this post on Instagram
সোহম নিজের ফেসবুক পোস্টে এই গান তাঁর মা ও তাঁর কতটা কাছের তা জানান। বলেন, “যখনই আমি মায়ের উপর রাগ করতাম, মা এই গানটা গাইতেন, আর আমার রাগ ভেঙে যেত। যে কোনও নৈশভোজ পার্টিতে বা কোনও ছোটোখাটো অনুষ্ঠানে এই গানটা আমাদের গাইতে বলা হত। মা-ই আমার সবথেকে বড় সমালোচক, আমার উৎসাহ ও আমার গানের পার্টনার ছিলেন। প্রথমের দিকে আমি মায়ের কাছেই গান শিখেছি। আমি যখন কোনও ওয়েস্টার্ন গান করতে করতে বাথরুম থেকে বেরোতাম, মা বলতেন ‘কুত্তার ডাক’ মানে কুকুরের ডাকের মতো শোনাচ্ছে। খুব মিস করি মা তোমাকে, যদি তুমি এখানে থাকতে…”। সোহমের এই পোস্ট নেটিজেনদেরও চোখের জলে ভিজিয়েছে।





