ইজরায়েলকে দেশের মানচিত্র থেকে কার্যত মুছে ফেলতে চায় আরব দেশগুলি। এই কারণে প্রথম থেকেই নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই লড়তে হচ্ছে এই ইহুদি দেশকে। জেরুজালেমের আল আকসা মসজিদের সংঘাত এখন রক্তক্ষয়ী লড়াইয়ে এসে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে গাজায় জঙ্গিদের তৈরি সুড়ঙ্গের জাল ‘মেট্রো’ নেটওয়ার্ক মাত্র পাঁচদিনেই সম্পূর্ণ ছিন্নভিন্ন করে দিয়েছে ইজরায়েলী সেনাবাহিনী।
গাজায় মাটির নিচে সুড়ঙ্গের জাল তৈরি করে হাতিয়ার ও যোদ্ধাদের চলাফেরার পথ তৈরি করেছে জঙ্গি সংগঠন হামাস। ওই নেটওয়ার্ককেই ‘মেট্রো’ নামে অভিহিত করেছে ইজরায়েল। গতকাল, বৃহস্পতিবার ‘ইজরায়েল ডিফেন্স ফোর্সেস’ জানায়, বিগত পাঁচদিন ধরে গাজায় জঙ্গিদের পরিকাঠামোয় লাগাতার হামলা চালানো হয়েছে। অত্যন্ত কৌশলে নির্ধারিত লক্ষ্যে যুদ্ধবিমান থেকে গাইডেড বোমা ফেলা। ফলে ৯০ শতাংশ ধ্বংস হয়েছে ‘মেট্রো’ নেটওয়ার্ক। বিগত ১০ বছর ধরে জঙ্গিদের চলাফেরা ও হাতিয়ার মজুত করতে গাজায় মাটির নিচে এই সুড়ঙ্গের জাল তৈরি করেছিল হামাস।
এদিকে, বুধবার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই গাজা থেকে ইজরয়েলের উদ্দেশে অন্তত ৮০টি রকেট ছোঁড়ে হামাস। এর মধ্যে ১০টি তকেত লক্ষ্যভ্রষ্ট হয়ে প্যালেস্তাইনের জমিতেই আছড়ে পড়ে। বাকি ক্ষেপণাস্ত্রগুলির ৯০ শতাংশ খতম করে দেয় ইজরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম ‘আয়রন ডোম’। এর ফলে সেই অর্থে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
প্রসঙ্গত, গাজা শহর বেশ ক্ষতির মুখে পড়েছে। বিমান হানায় প্রায় ৫০০টি বহুতল ভেঙে গুঁড়িয়ে গিয়েছে। এদিকে, গত মঙ্গলবার ত্রাণ নিয়ে আসা ট্রাক গাজায় ঢুকতে দিচ্ছে না ইজরায়েলের সেনাবাহিনী। এখনও পর্যন্ত সংঘাতের জেরে প্যালেস্তাইনের ২১২ জনের মৃত্যু হয়েছে। হামাস ইজরায়েল লক্ষ্য করে প্রায় ৩ হাজার রকেট ছুঁড়েছে। এর জেরে এই দেশে মৃত্যু হয়েছে ১২ জন নাগরিকের।





