২০১২ সাল থেকে উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের পাশে এক মহিলাকে দেখা যেতে শুরু হয়। পরে জানা যায়, তিনিই হলেন কিম জং উনের স্ত্রী রি সল-জু। অর্থাৎ উত্তর কোরিয়ার ফার্স্ট লেডি। তবে অন্যান্য ফার্স্ট লেডির মতো রি-এর জীবন মোটেই ততটা সহজ নয়। বেশ০ বিভীষিকাময়ই বলা যেতে পারে।
২০০৯ সালে একপ্রকার জোর করেই কিম জং উনের সঙ্গে বিয়ে দেওয়া হয়ে তাঁর। উত্তর কোরিয়ার প্রাক্তন শাসক কিম জং ইল (কিম জং উনের বাবা)-এর নির্দেশেই রি-এর সঙ্গে বিয়ে হয় কিমের। জানা যায়, ২০০৮ সালে হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। তখনই ছেলেকে এমন নির্দেশ দিয়েছিলেন। উত্তর কোরিয়ার মতো দেশে শাসকের নির্দেশ অমান্য করার স্পর্ধা কার রয়েছে!
বিয়ের পর সে দেশে রীতি রয়েছে স্বামীর পদবি গ্রহণ করার। কিন্তু রি-র জীবনে অন্য কিছুই ঘটেছিল। পদবি তো বটেই, তাঁকে নিজের নামও বদলে ফেলতে হয়। স্বামীর কিম জং-এর ইচ্ছাতেই এমনটা করতে হয়েছিল তাঁকে। শুধু তাই নয়, তাঁর সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয় না। তাঁর জন্মস্থান, বয়স, ছেলেবেলা, বাড়ি—সব তথ্যই লুকিয়ে রাখা রয়েছে। বিয়ের পর কড়া ঘেরাটোপের মধ্যে বন্দি হয়ে যান রি।
রি এক ধনী পরিবারের মেয়ে। তাঁর বাবা কলেজের শিক্ষক ও মা এক হাসপাতালের স্ত্রী রোগ বিভাগের প্রধান। রিএর কাকা ছিলেন উত্তর কোরিয়ার রাজ পরিবারের সেনা উপদেষ্টা। সেখান থেকেই দুই পরিবারের যোগাযোগ। বিয়ের পর নিজের পরিবারের সঙ্গে নিজের ইচ্ছাতে দেখাও করতে পারেন না রি।
তিনি কী পরবেন, কী খাবেন, কেমনভাবে সাজবেন, তা সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই রি-এর। বিয়ের পর তাঁকে তাও আধুনিক পোশাকে দেখা যেত। কিন্তু এখন আর তা হয় না। তিনি নিজের ইচ্ছায় প্রকাশ্যেও আসতে পারেন না। স্বামী কিমের অনুমতি মিললে তবেই বাইরে বেরোতে পারেন তিনি। তাও আবার স্বামীর সঙ্গেই। এমনকি নিজের সন্তানদেরও প্রকাশ্যে আনার অনুমতি নেই তার।
২০০৯ সালে তাঁদের বিয়ে হয়। ২০১০ সালে প্রথম সন্তানের জন্ম হয়। অন্তঃসত্ত্বার সময়টা ছিল রি-এর পক্ষে আরও ভয়ানক। নিজের ঘরের বাইরে পা-ও রাখতে পারতেন না তিনি। প্রথম সন্তান হয় মেয়ে। দ্বিতীয় সন্তানও মেয়ে। তৃতীয় সন্তান ছেলে। যত দিন না তাঁদের ছেলে হয়েছে, রি-কে বাধ্য করা হয়েছে সন্তানধারণ করতে।
বিয়ের আগে দেশ-বিদেশে গিয়েছেন রি। চিনে তাঁর পড়াশোনা এবং প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়াতেও গিয়েছেন। কিন্তু বিয়ের পর সে সব পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। দেশের বাইরে বেরোনোর অনুমতি নেই। কিমের অনুমতি না মিললে সামান্য ছবিও তুলতে পারেন না রি।





