সাবধান! সন্ধান মিলল ডেল্টার চেয়েও আরও ভয়ংকর করোনা ভাইরাসের প্রজাতির, জরুরি বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনা ভাইরাসের ডেল্টা প্রজাতির জেরে ইতিমধ্যেই ইউরোপ বিধ্বস্ত। আর এরই মধ্যে সন্ধান মিলল ডেল্টার চেয়েও আরও বেশি ভয়ংকর করোনা ভাইরাসের প্রজাতির। ভাইরোলজির ভাষায় এই প্রজাতির নাম বি.১.১৫২৯। জানা গিয়েছে, প্রায় ৩২ বার স্পাইক প্রোটিন বদলে করোনা ভাইরাসের এই নতুন রূপের সৃষ্টি হয়েছে।

করোনা ভাইরাসের এই নতুন রূপের সন্ধান মিলেছে দক্ষিণ আফ্রিকা ও বৎসোয়ানায়। শুধুমাত্র দক্ষিণ আফ্রিকাতেই করোনা ভাইরাসের এই নতুন প্রজাতিতে আক্রান্ত হয়েছেন ২২ জন। এমন খবর প্রকাশ্যে আসতেই গতকাল, বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু।

প্রাথমিক ভাবে বিশেষজ্ঞদের ধারণা, এইচআইভি বা এইডস আক্রান্ত ব্যক্তির শরীরে করোনাভাইরাস থাবা বসানোর জেরেই এই ভাইরাসের নতুন রূপ সৃষ্টি হয়েছে।

এই বিষয়ে ব্রিটেনের ইউসিএল জেনেটিক্স ইনস্টিটিউটের অধিকর্তা ফ্র্যাঙ্কোসিস ব্যালাউক্স জানান, “এই রূপ কতটা সংক্রমণ ছড়াতে পারে, তা এই পর্যায়ে দাঁড়িয়ে এখনই ঠিক বোঝা যাচ্ছে না। এখন আমাদের উচিত এই রূপের গতিবিধির উপর কড়া নজর রাখা। এখনই খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কারণ নেই”।

এই প্রসঙ্গে ইম্পিরিয়াল কলেজের ভাইরোলজিস্ট টম পিকক বলেন,  “এই রূপ ডেল্টার চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তবে উল্লেখ্য, এই রূপে এখনও পর্যন্ত খুব কম সংখ্যক মানুষই আক্রান্ত হয়েছে”।

করোনা ভাইরাসের এই নতুন রূপ সম্পর্কে এনআইসিডি-র ভারপ্রাপ্ত এগজিকিউটিভ ডিরেক্টর অ্যাড্রিয়ান পুরেন জানান, “এই মুহূর্তে আমাদের হাতে বিশ্লেষণযোগ্য তথ্যের পরিমাণ খুবই কম। তাও আমরা সব কিছু খতিয়ে দেখছি”।

আরও অন্যান্য খবর