‘বাংলাই এখন গোটা ভারতকে নেতৃত্ব দিচ্ছে’, স্পেনের বাণিজ্য বৈঠকে গর্বের সঙ্গে বললেন মমতা

শিল্পসফরে স্পেন গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই মাদ্রিদে লা লিগার সঙ্গে চুক্তি সাক্ষর করে ফেলেছে পশ্চিমবঙ্গ সরকার। কলকাতায় গড়ে উঠবে ফুটবল অ্যাকাডেমি। রবিবারই মমতার পৌঁছেছেন বার্সেলোনায়। গতকাল, মঙ্গলবার সেখানের বাণিজ্য বৈঠকে মমতা বলেন, ভারত ও স্পেনের মধ্যে আগাগোড়াই একটা ক্রস কানেকশন রয়েছে।

কিন্তু কি সেই কানেকশন?

এই বিষয়ে ব্যাখ্যা দিয়ে এদিনের বাণিজ্য বৈঠকের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “ভারত এবং স্পেনের মধ্যে বরাবরই একটা ক্রশ কানেকশন রয়েছে। আর আমি এসেছি বাংলা থেকে। কিন্তু এখন বলতে খুব গর্ববোধ করছি যে বাংলাই বর্তমানে গোটা ভারতকে নেতৃত্ব দিচ্ছে। ইউরোপে স্পেনের হাত ধরে রেনেসাঁ শুরু হয়েছিল। আর ভারতে তা শুরু হয়েছিল বাংলার হাত ধরে”।

মমতার কথায়, “এই দুই প্রদেশের মধ্যে এই মিল রয়েছে। আমি আপনাদের চিত্রকলা, বই, সিনেমা, সংস্কৃতিকে সাধুবাদ জানাই। আপনাদের খেলোয়াড়রা যখন ফুটবল ময়দানে নামে আমরা তখন সারারাত জেগে আপনাদের খেলা দেখি। আপনাদের খেলা দেখে আমরা মুগ্ধ হই। ইউ লাভ পেন্টিংস, আই লাভ পেন্টিংস। ইউ লাভ মিউজিক, উই লাভ মিউজিক। ইউ লাভ ফুটবল, উই আর ক্রেজি ফর ফুটবল”।

এদিনের এই বাণিজ্য বৈঠকে মমতার কণ্ঠে উঠে আসে দুয়ারে সরকার থেকে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী-সহ নানান জনহিতকর প্রকল্পের কথাও। বঙ্গবাসীকে সামাজিক সুরক্ষার দিক থেকে বাংলা প্রতিনিয়ত কীভাবে দৃষ্টান্ত স্থাপন করে চলেছে, তারও খতিয়ান দেন মুখ্যমন্ত্রী। লা লিগার সঙ্গে রাজ্য সরকারের চুক্তি সাক্ষরের কথাও তুলে ধরেন তিনি।

মমতা বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুর থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু, গান্ধিজী, মাতঙ্গিনী হাজরা, বাবা সাহেব আম্বেদকর আমাদের দেশের লোক। আমরা তাঁদের থেকে শিক্ষা নিই। আমরা লালিগার সঙ্গে মৌ স্বাক্ষর করেছি। তাঁরা আমাদের খেলার দিকে নানা পরামর্শ দেবে। তাঁরা আমাদের দেশে আসবে। কিন্তু, ইতিমধ্যেই আমরা তাঁদের হাতে স্টেডিয়াম দিয়েছি। সে কথা বলেছি। কারণ তাঁরা যাতে দ্রুত আমাদের ছেলেমেয়েদের তৈরি করতে পারে। অনেক স্প্যানিশ প্লেয়ার ইতিমধ্যেই আমাদের আইএসএল ও আইপিএলে খেলাধূলা করে। তাঁরা আমার খুবই স্নেহধন্য, খুব প্রতিভাবানও বটে”।

RELATED Articles