এবার সিবিএসই-র পথই অবলম্বন করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারও। বছরে এবার থেকে দু’বার হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। এমনই প্রস্তাব রাজ্য সরকারকে পাঠাচ্ছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। স্কুল জীবনের শেষ পরীক্ষার রূপরেখা বদলের জন্য প্রস্তাব পাঠানো হবে রাজ্য সরকারকে। সেই প্রস্তাব গৃহীত হলেই চালু হয়ে যাবে উচ্চমাধ্যমিক পরীক্ষায় নতুন রীতি।
সম্প্রতি নতুন শিক্ষানীতি এনেছে রাজ্য সরকার। সেই শিক্ষানীতিতেই একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় সেমিস্টার পদ্ধতি চালু করার উল্লেখ করা হয়েছে। এবার সেই সম্ভাবনাই আরও প্রকট হতে চলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৪-২০২৬ শিক্ষাবরষেই এই সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়া শুরু হয়ে যাবে বলে জানাল শিক্ষা সংসদ।
কীভাবে হবে এই পরীক্ষা?
জানা যাচ্ছে, যে সকল পড়ুয়া ২০২৪ সালে একাদশ শ্রেণীতে ভর্তি হবে, তাদের পরীক্ষা নেওয়া হবে সেমিস্টার পদ্ধতিতে। বছরে দু’বার পরীক্ষা দেবে তারা। একবার উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে ২০২৫ সালের নভেম্বরে আর দ্বিতীয়বার উচ্চমাধ্যমিক হবে ২০২৬ সালের মার্চ মাসে। প্রথম পরীক্ষা হবে ওএমআর শিটে আর দ্বিতীয় পরীক্ষা হবে সাদা খাতাতে যেমনটা হয় আর কী! সংক্ষিপ্ত ও বর্ণনামূলক প্রশ্ন থাকবে এই দ্বিতীয় পরীক্ষায়।
কী জানালেন শিক্ষা সংসদ সভাপতি?
গতকাল, মঙ্গলবার উচ্চমাধ্যমিক সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এই বিষয়ে জানান, “রাজ্যের নয়া শিক্ষানীতিতে একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে সেমেস্টার প্রক্রিয়া চালুর সুপারিশ করা হয়েছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এই প্রক্রিয়া চালু হতে পারে। তবে সিবিএসই-র ক্ষেত্রে দুটির মধ্যে যে সেমেস্টারের ফল ভালো হয়, সেটাই চূড়ান্ত রেজাল্টে থাকে। কিন্তু উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে দু’টি সেমেস্টারের গড় করে রেজাল্ট তৈরি হবে”।





