করোনা প্রতিরোধে এখন একাধিক দেশের মুখ্য ওষুধ হয়ে উঠেছে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন। তাই এই হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ ও অন্যান্য চিকিৎসার সরঞ্জাম পাঠানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কৃতজ্ঞতা জানালেন মরিশাসের প্রধানমন্ত্রী প্রভিন্দ যুগনাথ। করোনা মোকাবিলায় এর আগে আমেরিকা-সহ একাধিক দেশকে করোনা প্রতিরোধে হাইড্রক্সিক্লোরোকুইন পাঠিয়েছে ভারত।
ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন করোনা মোকাবিলায় ব্যাপক সাড়া দিচ্ছে বলে মত একাধিক দেশের। বিশেষত এই ওষুধের সবচেয়ে বড় উৎপাদক দেশ ভারত। কিছুদিন আগেই ভারত সরকার দেশের চাহিদার ভাণ্ডার মজুত রেখে বন্ধু দেশগুলিকে এই ওষুধ সরবরাহে সম্মত হয়।
(1/2) I am very thankful to Prime Minister Shri @narendramodi for the generous donation of medical supplies from the Government of India which reached Mauritius yesterday, Wednesday, April 15, by a special flight of Air India. @PMOIndia pic.twitter.com/OcJuOynHUf
— Pravind Jugnauth (@PKJugnauth) April 16, 2020
বুধবারই ভারত সরকার এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে করোনা প্রতিরোধে ৫ লক্ষ হাইড্রক্সিক্লোরোকুইন ও চিকিৎসার আরও কিছু সরঞ্জাম পৌঁছে দিয়েছে মরিশাসে। বন্ধু ভারতের এই সাহায্যে স্বভাবতই আপ্লুত মরিশাস। প্রধানমন্ত্রী প্রভিন্দ যুগনাথও ভারতের এই সাহায্যে কৃতজ্ঞতা জানিয়েছেন। ভারতের এই দান দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও দৃঢ় করবে বলেও জানান তিনি।
নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘বুধবার এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে ভারত ওষুধ ও করোনা চিকিৎসার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম পাঠিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ’।
মারণ করোনার বিরুদ্ধে লড়ছে মরিশাসও। সেদেশেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। তবে ভারত বা অন্য দেশগুলির তুলনায় এখনও সংক্রমণ অনেকটাই কম। বৃহস্পতিবার পর্যন্ত মরিশাসে ৩২৪ জন নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।





