গত কয়েক মাস ধরেই সীমান্তে উত্তেজনা বাড়ছিল। ছোটখাটো সংঘর্ষ, পাল্টা অভিযোগ—সব মিলিয়ে পরিস্থিতি যে ক্রমশ জটিল হয়ে উঠছে, তা স্পষ্ট ছিল। সাধারণ মানুষের মনে ভয় ছিলই, কিন্তু কেউ ভাবতেও পারেনি যে সেই উত্তেজনা এক রাতেই এমন ভয়াবহ রূপ নেবে। বিশেষ করে যখন লক্ষ্যবস্তু হয়ে উঠবে এমন একটি জায়গা, যেখানে মানুষ বাঁচতে আসে।
সোমবার রাত। আচমকাই পরপর বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা কাবুল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মুহূর্তের মধ্যে আগুনে গ্রাস করে একটি বড় হাসপাতালকে। চারদিকে ছুটোছুটি, চিৎকার—এক ভয়াবহ দৃশ্য তৈরি হয়। প্রথমে কেউই বুঝতে পারেনি ঠিক কী ঘটেছে, কিন্তু আগুনের তীব্রতা আর ধোঁয়ার ঘনত্ব দ্রুত পরিস্থিতির ভয়াবহতা সামনে নিয়ে আসে।
ঘটনার পরই শুরু হয় পাল্টা দাবি। আফগানিস্তানের তালিবান সরকার অভিযোগ করে, এটি একটি সাধারণ হাসপাতাল ছিল যেখানে হাজারেরও বেশি রোগীর চিকিৎসার ব্যবস্থা ছিল। তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে জানায়, তারা কোনও হাসপাতাল নয়, বরং একটি ‘জঙ্গি ঘাঁটি’ লক্ষ্য করেই হামলা চালিয়েছে। এই বক্তব্য সামনে আসতেই আন্তর্জাতিক মহলেও প্রশ্ন উঠতে শুরু করেছে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল হতাহতের সংখ্যা। আফগান সরকারের মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানিয়েছেন, অন্তত ৪০০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে চিকিৎসকও রয়েছেন। আহত হয়েছেন ২৫০-র বেশি মানুষ। আগুন এতটাই ভয়াবহ ছিল যে বহু মানুষকে শনাক্ত করাও কঠিন হয়ে পড়েছে। উদ্ধারকারীরা এখনও ধ্বংসস্তূপের মধ্যে খোঁজ চালাচ্ছেন।
আরও পড়ুনঃ “আমার ৮০ শতাংশ বন্ধুই পুরুষ, সবার সঙ্গেই কি প্রেমে আছি?” ছবি পোস্ট হতেই জল্পনা! গত বছর হঠাৎ সুখী দাম্পত্য ভাঙার পর, ট্রোলিং ও নতুন সম্পর্কের গুঞ্জনে বিরক্ত অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী!
এই হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। গত মাস থেকেই পাকিস্তান একাধিক জায়গায় বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ। কান্দাহার, পাক্তিয়া এবং কাবুলের বিভিন্ন এলাকায় হামলার খবর সামনে এসেছে। বিশ্লেষকদের মতে, এই ঘটনাই হয়তো নতুন করে বড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন—এই রক্তপাতের শেষ কোথায়?





