গায়ক কবীর সুমন-এর বিরুদ্ধে নেতাজি নগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ‘জাতির কথা’ নামে একটি সংগঠনের সদস্যরা এই অভিযোগ করেন। তাঁদের দাবি, সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে নারীদের অপমান এবং হিন্দুদের ভাবাবেগে আঘাত করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে।
সংগঠনের সদস্যরা একটি ভিডিও বার্তায় জানান, কবীর সুমন নিজেকে বুদ্ধিজীবী হিসেবে তুলে ধরলেও তাঁর কিছু মন্তব্য সাধারণ মানুষ মেনে নিতে পারছেন না। তাঁদের অভিযোগ, নারীদের এবং বাঙালিদের সম্পর্কে যে ভাষা ব্যবহার করা হয়েছে তা অসম্মানজনক। সেই কারণেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা।
অভিযোগকারীদের বক্তব্য, হিন্দু সমাজকে অপমান বা তাচ্ছিল্য করার অধিকার কারও নেই। তাঁরা দাবি করেছেন, বিষয়টি নিয়ে আইনি পথে এগোবেন এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ করবেন। সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তাঁরা একজোট হয়েছেন।
আরও পড়ুন: ‘চটিচাটা’ বিতর্ক পেরিয়ে দীঘায় নয় পুরীতেই গেলেন ইমন চক্রবর্তী! স্বামী নীলাঞ্জনকে সঙ্গে নিয়ে জগন্নাথ দর্শনে গায়িকা, ভাগ করে নিলেন বিশেষ ছবি?
এদিকে সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। সন্দীপ হালদার নামে এক ব্যক্তি এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান, নেতাজি নগর থানায় কবীর সুমন-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। পোস্টটি সামনে আসার পর থেকেই বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে নেটদুনিয়ায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় তিন বছর আগে একটি টেলিভিশন চ্যানেলে করা কিছু মন্তব্যকে কেন্দ্র করেই এই অভিযোগ দায়ের হয়েছে। তবে এখনও নিয়ম মেনে এফআইআর নথিভুক্ত হয়নি। আপাতত প্রাথমিক তদন্ত চলছে। ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারা মেনেই গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।






