নিশানায় রাম জন্মভূমি! রক্তগঙ্গা বয়ে যাবে অযোধ্যার রামমন্দিরে, হুমকি খালিস্তানি জঙ্গির, কড়া নিরাপত্তায় মুড়ল রামমন্দির

এবার প্রভু রামের জন্মভূমিকে নিশানা খালিস্তানি জঙ্গিদের। ভিডিও বার্তায় দেওয়া হল হুমকি। অযোধ্যার রামমন্দিরে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকি এল নিষিদ্ধ সংগঠনের তরফে। কড়া নিরাপত্তায় রামমন্দির।

জানা গিয়েছে, গতকাল, মঙ্গলবার নিষিদ্ধ সংগঠন শিখস ফর জাস্টিসের প্রতিষ্ঠাতা গুরুপাতওয়ান্ত সিং পান্নুন একটি ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওতে বার্তা দেওয়া হয়েছে আগামী ১৬-১৭ নভেম্বর রামমন্দিরে রক্ত ঝরবে। আর এই ভিডিও বার্তার পরই তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে।

এই খালিস্তানি জঙ্গির হুমকি পাওয়ার পরই রামমন্দিরকে কার্যত দুর্গে পরিণত করা হয়েছে। অ্যান্টি-টেররিস্ট স্কোয়াডও মোতায়েন করা হয়েছে মন্দিরে। সিসিটিভি দিয়ে চালানো হচ্ছে নজরদারি। কড়া নজর রাখা হচ্ছে ড্রোন ক্যামেরার মাধ্যমে।

আগামী ১৮ নভেম্বর রাম বিবাহ উৎসবের আয়োজন করা হয়েছে রামমন্দিরে। এদিন ওই অনুষ্ঠানে যোগ দেবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর সেই সময়ই রামমন্দিরে রক্ত ঝরানোর হুমকি এল খালিস্তানের জঙ্গির তরফে। সেই কারণেই সতর্ক করা হয়েছে গোয়েন্দা বাহিনী, এটিএস এবং বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। অযোধ্যার মোতায়েন রয়েছে বিশাল বাহিনীর পুলিশ ও সিআরপিএফ।    

আরও পড়ুনঃ ভোট লুট করার জন্য বিজেপি নেতাকে গৃহবন্দি করে রেখেছে মমতার পুলিশ, উপনির্বাচনের দিন বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর

তবে এই হুমকিকে তেমন আমল দিতে রাজি নন অযোধ্যার মেয়র গিরীশপতি ত্রিপাঠী। তিনি এই হুমকির বিষয়ে বলেন, “ভগবান হনুমান অযোধ্যাকে রক্ষা করছেন। এখানে কেউ হামলা করার সাহস দেখাবে না। এমনিই হাই-সিকিউরিটি জোন অযোধ্যার রাম মন্দির। যেকোনও জঙ্গি হামলা মোকাবিলা করার যাবতীয় প্রস্তুতিও রয়েছে”।

RELATED Articles