রাজ্য সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) নিয়ে দীর্ঘ লড়াই এক নতুন মোড়ে পৌঁছেছে। কয়েক বছর ধরে চলা এই আইনি লড়াইয়ের শেষ অধ্যায়ের দিকে এগোচ্ছে বিষয়টি। সুপ্রিম কোর্টে বহুবার শুনানি পিছোনোর পর অবশেষে মামলার শুনানি শেষ হয়েছে। এখন রায় ঘোষণার অপেক্ষা। ফলে সরকারি কর্মীদের মধ্যে স্বস্তি ও প্রত্যাশা দুই-ই তৈরি হয়েছে।
সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান, এদিন মামলার শুনানি শেষ হয়ে গিয়েছে। আগামী দু’তিন সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে হলফনামা বা লিখিত বক্তব্য জমা দিতে হবে। তার এক সপ্তাহের মধ্যে কর্মচারী সংগঠনের তরফে রিজয়েন্ডার দাখিল করা হবে। এর পরেই রায়দান করবে আদালত। তাঁর মতে, এদিনের শুনানিতে যে দিক উঠে এসেছে, তাতে কর্মচারীরা জয়লাভ করবেন বলেই তিনি দৃঢ় বিশ্বাসী।
ভাস্কর ঘোষ বলেন, “আজকের শুনানি শেষ হওয়ার পর আর নতুন কোনো তারিখ নেওয়ার দরকার নেই। রায় যখনই আসুক, আমরা নিশ্চিতভাবে জিতব।” তিনি আরও জানান, কর্মচারীদের বকেয়া ডিএ শীঘ্রই মিটিয়ে দেওয়া হবে। তবে এখানেই শেষ নয়। আগামিদিনে কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে আন্দোলনের ইঙ্গিতও দিয়েছেন তিনি। যদিও প্রকাশ্যে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি, কিন্তু সংগঠনের ভেতরেই ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে বলে ধারণা সংশ্লিষ্ট মহলের।
এই লড়াইয়ের সূত্রপাত হয়েছিল ২০১৬ সালে। প্রথমে রাজ্য সরকারি কর্মীরা মামলা করেছিলেন স্যাটে (স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল)। সেখানে হেরে যান তাঁরা। এরপর কলকাতা হাইকোর্টে মামলা করেন এবং একাধিকবার জিতে যান। ২০২২ সালে কলকাতা হাইকোর্ট রায় দেয়, তিন মাসের মধ্যে কর্মীদের বকেয়া ডিএ মেটাতে হবে। কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ মানেনি। হাইকোর্টে পুনরায় মামলা করেও স্বস্তি পায়নি সরকার। শেষ পর্যন্ত বিষয়টি পৌঁছায় সুপ্রিম কোর্টে, যেখানে নভেম্বর ২০২২ থেকে শুরু হয় দীর্ঘ শুনানি।
আরও পড়ুনঃ কোলকাতায় পা রাখলো ভারতের সবচেয়ে বড় আর্ট সেন্টার চেইন “গ্লোবাল আর্ট”!
প্রায় দু’বছর ধরে একাধিকবার শুনানি পিছোনোর পর অবশেষে এদিন সুপ্রিম কোর্টে মামলার শুনানি শেষ হয়েছে। এখন শুধু রায় ঘোষণার অপেক্ষা। সংগ্রামী যৌথ মঞ্চের আশা, হয়তো আর এক মাসের মধ্যেই কর্মচারীরা তাদের প্রাপ্য বকেয়া ডিএ হাতে পাবেন। দীর্ঘ প্রতীক্ষার পর এই আশার আলো কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে। আর তাই এখন সবার চোখ সুপ্রিম কোর্টের রায়ের দিকে, যা রাজ্য সরকারি কর্মীদের জীবনে বড় পরিবর্তন আনতে চলেছে।





