দেশে এখন করোনার প্রভাব হু হু করে বেড়েই চলেছে। তার মধ্যে বাংলাও পিছিয়ে নেই। সেখানেও সংক্রমনের হার ঊর্ধমুখী। এমতাবস্থায় সংক্রমনকে কড়া হাতে দমন করতে উদ্যোগী রাজ্যসরকার। কেন্দ্রীয় সরকারের নির্দেশে এখন অধিক সংক্রমিত এলাকাগুলি চিহ্নিত করে তাকে সিল করার কাজ চলছে। এবার সেই চিহ্নিত এলাকাগুলোর তালিকায় আরও একটি নাম সামিল হলো।
এবার দক্ষিণ দমদম পুরসভার অন্তর্গত নাগেরবাজারের গোরক্ষবাসী-সূতাকল এলাকায় করোনা আক্রান্ত এক ব্যক্তির খোঁজ মিলেছে। যার ফলে এলাকাটিকে ‘স্পেশ্যাল এরিয়া’ বলে চিহ্নিত করে ঘিরে দিল পুলিশ। করোনা আক্রান্ত ব্যক্তির বাড়িকে আপাতত কোয়ারেন্টাইন করা হয়েছে। এ নিয়ে দক্ষিণ দমদম পুরসভার অন্তর্গত দুটি এলাকাকে ‘স্পেশ্যাল এরিয়া’ বলে ঘোষণা করা হল। এখনও অবধি এই পুরসভা এলাকার ২৩,২৬ এবং ৩৫ নং ওয়ার্ডকেও ‘স্পেশ্যাল এরিয়া’ চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চলেছে প্রশাসন।

গোরক্ষবাসী-সূতাকল এলাকায় কিছুদিন আগে বিভিন্ন রাজ্যের সাতজন যুবক দুটি বাড়িতে ভাড়া থাকতেন। তারা সকলেই দমদমের কাজীপাড়ার এক বেসরকারি হাসপাতালের কর্মী। ওই হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিৎসা চলায়, অন্যান্য কর্মীদের পাশাপাশি এই সাত কর্মীকেও কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হয়। এরপর এঁদের মধ্যে একজনের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ হয়। সাথে সাথেই তাঁকে হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা শুরু হয়েছে।
এরপরই এলাকাটিকে ‘স্পেশ্যাল এরিয়া’ বলে চিহ্নিত করল প্রশাসন। শুক্রবার বিকেলেই এলাকাটিকে ঘিরে কড়া নজরদারি চালানো হয় প্রশাসনের তরফে। ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর তথা দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান পাঁচু রায় আবেদন জানিয়েছেন এলাকাবাসীরা যেন বাড়িতেই থাকেন। প্রয়োজন পড়লে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তাঁদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে।
বিকেলে এলাকা পরিদর্শনে গিয়ে ব্যারাকপুর কমিশনারেট-এর পুলিশ কমিশনার মনোজ ভর্মা জানিয়েছেন, এই এলাকাটি ‘স্পেশ্যাল এরিয়া’ বলে চিহ্নিত করে ঘিরে দেওয়া হল। এর আগে দক্ষিণ দমদম পুরসভার ৩৫ নং ওয়ার্ডের দক্ষিণদাঁড়ি অঞ্চলকে চিহ্নিত করে ঘিরে দেওয়া হয়েছিল। এবার গোরক্ষবাসী-সূতাকল এলাকাটিকেও ঘিরে সিল করে দেওয়া হল। এই নিয়ে দক্ষিণ দমদম পুরসভার দুটি অঞ্চলকে ‘স্পেশ্যাল এরিয়া’ হিসেবে ঘোষণা করা হল। প্রসঙ্গত, প্রশাসনের তালিকায় দমদম অঞ্চলটিকে আগেই একটি স্পর্শকাতর এলাকা ঘোষণা করা হয়েছিল, তাই সংক্রমন রুখতে এখানে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রশাসনের তরফে।






