‘মাতৃভাষায় কথা বলার জন্য জিভ কাটবেন না, আদালতে নির্দ্বিধায় বাংলা বলুন’, আইনজীবীদের পরামর্শ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

মাতৃভাষায় কথা বলার জন্য কখনও জিভ কাটার দরকার নেই। নির্দ্বিধায় আদালতে বলা যেতে পারে। গতকাল, বৃহস্পতিবার বাংলায় শুনানি পর্ব চালিয়ে আইনজীবীদের এমনটাই বার্তা দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন আদালতে ভাষা শহিদ দিবসের কথাও মনে করালেন তিনি।  

এদিন আদালতে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “বাংলা বলতে গিয়ে যদি আমাদের জিভ কাটতে হয়, তাহলে ২১ ফেব্রুয়ারি অর্থহীন”। এদিন বিচারপতি এও জানান যে এবার থেকে এজলাসে তিনি বাংলাতেই শুনানি করবেন।

এদিন আদালতে গোটা দিনই বাংলায় কথা বলেন বিচারপতি। সেই সঙ্গে অন্যদেরও বাংলায় কথা বলতে উৎসাহ জোগান। কখনও জানতে চান। ‘রিপ্লাই’ কথাটির বাংলা অর্থ ‘জবাবি হলফনামা’ হতে পারে কী? আবার কখনও বলেন যে তাঁকে ‘মাই লর্ড’ বলে সম্বোধন না করে যেন ‘হুজুর’ বলে সম্বোধন করা হয়।  

কী বলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়?

এদিন আদালতে আইনজীবীদের বাংলা ভাষা বলতে বলে বিচারপতি বলেন, “আমার এজলাসে অনেক বিচারপ্রার্থী ও আইনজীবী, বহু মানুষ আসেন দেখেছি তাঁরা ইংরেজি সওয়াল-জবাব ঠিক বোঝেন না। আমি লক্ষ করেছি, এখানে অনেকে এসে বাংলায় কথা বলেছেন বলে জিভ কেটেছেন। কোনও আবেদনকারী এসে যদিও বলেননি তিনি ইংরাজিতে কথাবার্তা বুঝতে পারছেন না! তাঁর বিচার সম্পর্কে জানার অধিকার তাঁর আছে”। তিনি এও জানান যে যারা ইংরেজিতে সওয়াল করতে চান, তাদের জন্য ইংরেজিতে সওয়াল করা হবে।

হঠাৎ কেন এমন সিদ্ধান্ত বিচারপতির?  

আসলে, এদিন মামলার শুনানির শুরুতে মামলা শুনতে গিয়ে বাংলায় কথা বলেন এক আইনজীবী। এর জন্য ক্ষমা চেয়ে নিয়ে ফের ইংরেজিতে সওয়াল শুরু করেন তিনি। এর প্রেক্ষিতেই এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “বাংলাতেই বলুন। সারাদিন বাংলায় কথা বলবেন”। বিচারপতি বলেন, “সুপ্রিম কোর্ট উত্তর চাইলে তার উত্তর দেব। আদালতকে আমাদের মানুষের কাছে নিয়ে যেতে হবে”। সেই ব্রিটিশ আমলের ছায়া আজও আদালতে রয়ে গিয়েছে বলে মত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।

RELATED Articles