‘এপাং ওপাং ঝপাং, এমন অখাদ্য লেখা কেউ পড়বে, এগুলো লাইব্রেরিতে রাখবেন না’, মুখ্যমন্ত্রীর লেখা নিয়ে চরম কটাক্ষ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

সরকারি সাহায্যপ্রাপ্ত এক লাইব্রেরিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতা নিয়ে বেশ বিস্ফোরক মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গতকাল, বুধবার খিদিরপুরে মাইকেল মধুসূদন লাইব্রেরির অনুষ্ঠানে সরকারি সাহায্যপ্রাপ্ত লাইব্রেরিগুলির বেহাল দশা নিয়ে মন্তব্য করতে গিয়ে বিচারপতি বলেন যে এই লাইব্রেরিগুলিতে এমন এমন বই রাখা উচিত যা মানুষকে আকৃষ্ট করবে। এমন অখাদ্য বই রাখবেন না এখানে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি কবিতাকে ‘অখাদ্য’ বলে মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, “কবিতার প্রথম লাইন এপাং ওপাং ঝপাং, আমরা সবাই ড্যাং ড্যাং। এই যদি কবিতার বই হয়, কেউ পড়বে? আমার মনে হয় কেউ পড়বে না”।

এখানেই শেষ নয়, বিচারপতি এরপর বলেন, “এই অখাদ্য জিনিসগুলো গ্রন্থাগারে রাখবেন না, এটা আজ বলার সময় এসেছে। যা অখাদ্য বই সরবরাহ হয় সরকারি গ্রন্থাগারে, পড়তে চাইবে কোনও মনুষ্য সন্তান”? বিচারপতির অভিযোগ, এই ধরনের বই কিনলে তবেই সরকারি সাহায্য পাওয়া যায়। তা না হলে পাওয়া যায় না। এই ধরনের বই লাইব্রেরিতে থাকলে উইপোকা ছাড়া কারও সুবিধা হবে না বলে মত বিচারপতির।

এর আগে এজলাসে নানান মামলার রায় দেওয়ার সময় রাজ্য ও রাজ্য সরকারকে তুলোধোনা করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কখনও কখনও আবার বিরোধীদের সুরেও কথা বলেছেন তিনি। তবে এবার তিনি সরাসরি মুখ্যমন্ত্রীর কবিতা নিয়ে কটাক্ষ করলেন। এই নিয়ে যে বিতর্ক বেশ গড়াবে, তা বলাই বাহুল্য। এই নিয়ে আপাতত তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

প্রসঙ্গত, এর আগে মুখ্যমন্ত্রীর লেখা নিয়ে নানান কটাক্ষ করত বিরোধী শিবির। এবার সেই সমালোচনা শোনা গেল হাইকোর্টের বিচারপতির মুখেও। যদিও কিছুদিন আগেই নিজের লেখা নিয়ে বিতর্কের জবাব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, “ভালো চিন্তা মানুষকে বিকশিত করে। আপনি যখন বাচ্চার জন্য কিছু তৈরি করবেন, তখন আপনাকে প্রথমে বাচ্চা সাজতে হবে। মনটা হতে হবে বাচ্চার মতো”।

RELATED Articles