চাঁদার জন্য বচসা, তুমুল জুলুমবাজি, আটকাতে গেলে বেধড়ক মারধর পুলিশকেই, আক্রান্ত একাধিক পুলিশ কর্মী

দুর্গাপুজো হোক বা কালীপুজো, যে কোনও পুজোতেই এখন চাঁদা নিয়ে জুলুমবাজি যেন এক চেনা দৃশ্যে পরিণত হয়েছে। রাস্তায় গাড়ি থামিয়ে চাঁদা নেয় পুজো কমিটিগুলি। এখন এই ঘটনা কিছুটা কমলেও, তা বন্ধ হয়ে যায়নি একেবারে। ফের চাঁদা নিয়ে জুলুমবাজির ঘটনা কলকাতাতে। আটকাতে গেলে মারধর করা হয় পুলিশকেই। গুরুতর অভিযোগ উঠল পুজো কমিটির সদস্যের বিরুদ্ধে।

কী ঘটেছে গোটা ঘটনাটি?

ঘটনাটি ঘটেছে গত রবিবার নিউ মার্কেট থানা এলাকার রানি রাসমণি রোডে। ওই রোডের উপর আয়োজিত হয়েছিল একটি কালীপুজোর। রোড দিয়ে যাওয়া গাড়ি আটকে চাঁদা নিচ্ছিলেন পুজো কমিটির সদস্যরা। একটি মালবাহী গাড়িকে আটকায় তারা। গাড়ির চালক কিছু বলার আগেই গাড়ির চাবি কেড়ে নিয়ে চাঁদা চাওয়া হয়।  

জানা গিয়েছে, ওই গাড়ির চালকের থেকে পাঁচ হাজার টাকা চাঁদা চাওয়া হয়। তা দিতে রাজি হন নি চালক। চাঁদা নিয়ে শুরু হয় দর কষাকষি। শেষ পর্যন্ত পুজো কমিটির সদস্য জানান এক হাজার টাকা চাঁদা দিতে হবে। তাতেও রাজি হন নি চালক। এই নিয়েই দু’পক্ষ তুমুল বচসায় জড়ায়। সেখানে উপস্থিত হন নিউ মার্কেট থানার পুলিশ কর্মীরা।

সেই সময় পুজো কমিটির লোকজন পুলিশের উপর চড়াও হয় বলে অভিযোগ। তখন কোনওভাবে ঝামেলা থামিয়ে পুলিশ তিনজন অভিযুক্তকে থানায় নিয়ে যায়। সেই তিনজনকে ছাড়াতে পুজো কমিটির আরও কয়েকজন সদস্য আসে থানায়।  

থানার মধ্যেই পুলিশের সঙ্গে বচসায় জড়ায় ওই পুজো কমিটির সদস্যরা। অভিযোগ, থানার মধ্যেই পুলিশ কর্মীদের মারধর করে তারা। এই ঘটনায় আহত হন ৬ জন পুলিশকর্মী। এই ঘটনায় ৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ধৃত ৩ জনকে সোমবার আদালতে তোলা হয়েছে। তাদের একদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয় বলে খবর। বাকি ৬ জনের বিষয়ে কিছু জানা যায়নি।

RELATED Articles