Mamata Banerjee : ৪৫ হাজার নাম ছাঁটাই ভবানীপুরে! খসড়া তালিকা প্রকাশ হতেই কালীঘাটে তড়িঘড়ি বৈঠক মমতার!

নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন মানেই রাজনৈতিক মহলে বাড়তি সতর্কতা। রাজ্য জুড়ে যখন বিশেষ নিবিড় পরিমার্জন (SIR) প্রক্রিয়া চলছে, তখন স্বাভাবিক ভাবেই নজর ছিল গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রগুলির দিকে। কার কত ভোটার বাদ পড়ল, তার প্রভাব কোথায় গিয়ে পড়তে পারে—এই হিসেবেই ব্যস্ত শাসক থেকে বিরোধী, সকলেই। আর ঠিক এই আবহেই মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনের প্রথম খসড়া তালিকা প্রকাশ হতেই শুরু হয়ে যায় নতুন করে জল্পনা।

নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া তালিকার সঙ্গে সঙ্গেই সামনে আসে বাদ পড়া ভোটারদের নামের দীর্ঘ তালিকা। সূত্রের খবর, গোটা রাজ্য জুড়ে ৫৮ লক্ষেরও বেশি নাম বাদ পড়তে পারে এই পর্যায়ে। কমিশনের তরফে জানানো হয়েছে, এটি চূড়ান্ত তালিকা নয়—এর পর শুনানির সুযোগ থাকবে। তবে এত বিপুল সংখ্যক নাম বাদ পড়ার খবরে রাজনৈতিক চাপানউতোর যে আরও বাড়বে, তা বলাই বাহুল্য।

এই তালিকা প্রকাশের পরেই সবচেয়ে বেশি আলোচনায় উঠে আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুর। আপডেট হওয়া খসড়া তালিকা অনুযায়ী, সেখানে বাদ পড়া ভোটারের সংখ্যা ৪৪ হাজার ৭৭০। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর নিজের বুথ—মিত্র ইনস্টিটিউশন, ২৬০ নম্বর বুথেও বাদ পড়েছে ১২৭ জনের নাম। তালিকায় দেখা যাচ্ছে, এই ১২৭ জনের মধ্যে ১৩ জন মৃত। বাকিদের ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে—কেউ খুঁজে পাওয়া যায়নি, আবার কেউ স্থায়ীভাবে অন্যত্র চলে গিয়েছেন।

এই পরিস্থিতিতে মঙ্গলবার সকালে তালিকা প্রকাশ হতেই কালীঘাটে নিজের বাসভবনে জরুরি বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এই বৈঠকে উপস্থিত থাকার কথা ভবানীপুরের কাউন্সিলর ও সংশ্লিষ্ট বিএলএ-২দের। মূলত কারা কারা বাদ পড়েছেন, কী কারণে নাম কাটা গিয়েছে এবং কোথায় নজরদারি বাড়ানো প্রয়োজন—সেই বিষয়গুলিই আলোচনার কেন্দ্রে।

আরও পড়ুনঃ swarup biswas : যুবভারতী বিতর্কে নতুন মোড়! দাদার পাশে স্বরূপের সাফাই, গ্রেপ্তারির দাবিতে সরব বিরোধীরা!

রাজনৈতিক মহলের মতে, ভবানীপুর কেন্দ্র শাসক দলের কাছে আলাদা গুরুত্ব বহন করে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই জয়ী হন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ফলাফলের খুঁটিনাটি বিশ্লেষণে দেখা যায়, ভবানীপুরের ৮টি ওয়ার্ডের মধ্যে ৫টিতেই পিছিয়ে ছিল তৃণমূল। ফলে ভোটার তালিকার এই বড় পরিবর্তন আগামী দিনে কী প্রভাব ফেলতে পারে, তা নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ রয়েছে শাসক শিবিরে। এখন নজর থাকবে, শুনানি পর্বের শেষে ভবানীপুরে বাদ পড়া নামের সংখ্যায় কোনও বদল আসে কি না।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles