বাইপাস লাগোয়া ঝুপড়ির পর এবার জুটমিল, দাউদাউ করে জ্বলছে জুটমিল, আতঙ্কে এলাকাবাসী, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

ফের বিধ্বংসী আগুন কলকাতায়। বাইপাস লাগোয়া একটি জুটমিলে আগুন লেগে এদিন মঙ্গলবার সকালে। দাউদাউ করে জ্বলে ওঠে সবকিছু। ঘটনাস্থলে ১০টি দমকলের ইঞ্জিন। আগুনের ভয়াবহতায় আতঙ্ক ছড়িয়েছে জুটমিলের শ্রমিক ও এলাকাবাসীর মধ্যে।

কী ঘটেছিল ঘটনাটি?

ঘটনাটি ঘটেছে বাইপাস লাগোয়া কাদাপাড়ার শতাব্দী প্রাচীন একটি জুটমিলে। আজ, মঙ্গলবার সকাল ৮টা ২০ মিনিট নাগাদ বাইপাস লাগোয়া ওই জুটমিলের গুদামে আচমকাই আগুন লেগে যায়। ভিতরে প্রচুর দাহ্য পদার্থ থাকায় দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। কিছুক্ষণের মধ্যেই গোটা গুদামে আগুন ছড়িয়ে পড়ে।

তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকলের গাড়ি ঢুকতে সমস্যা হয়। ঘটনাস্থলে প্রথমে দমকলের ২ টি ইঞ্জিন আসে। কিন্তু আগুনের ভয়াবহতা দেখে পরে আরও ৮টি ইঞ্জিন যায় সেখানে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়। এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

কোথা থেকে, কীভাবে এমন ভয়াবহ আগুন লাগল, তা এখনও জানা যায়নি স্পষ্টভাবে। আগুন নেভানোর কাজেই আপাতত মন দিয়েছেন দমকল কর্মীরা। অনুমান, এই আগুনের জেরে গুদামে থাকা প্রায় কয়েক লক্ষ টাকার কাঁচামাল নষ্ট হয়ে গিয়েছে। এমন অগ্নিকাণ্ডের জেরে শ্রমিকরা তো বটেই আতঙ্কে পড়েছেন এলাকাবাসীরাও।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর