‘তৃণমূলকে ভোট না দিলে হাত কেটে নেব’, ভরা সভায় প্রকাশ্যে হুমকি শানালেন অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ তৃণমূল নেতা, নিন্দায় বিরোধীরা

সামনেই লোকসভা নির্বাচন। এই মুহূর্তে সমস্ত রাজনৈতিক দলের মধ্যেই উত্তেজনার পারদ তুঙ্গে। চলছে সভা, পাল্টা সভা, আক্রমণ-প্রতি আক্রমণ সবই। এসবের মধ্যেই সন্দেশখালিতে নানান বিতর্কে জড়িয়েছেন তৃণমূল নেতারা। যে কারণে সেখানকার তৃণমূল নেতাদের পালিয়ে বেড়াতে হচ্ছে, এবার সেই একই কারণেই এবার ফের বিতর্কের মুখে তৃণমূলের আরও এক নেতা।

সন্দেশখালি থেকে যে রাজ্যের শাসক দলের নেতারা খুব একটা শিক্ষা নেন নি, তা তাদের নানান মন্তব্যেই স্পষ্ট। জনগর্জনের কারণেই সন্দেশখালির নেতারা কেউ জেলবন্দি, কেউ পলাতক। কিন্তু তা সত্ত্বেও সেই হুমকিই ফের শোনা গেল এক তৃণমূল নেতার গলায়। এবার জনগণের উদ্দেশে হুমকি দিলেন ময়ূরেশ্বর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি জটিল মণ্ডল। তিনি আবার বীরভূমের ‘বেতাজ বাদশা’ অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলেও এলাকায় পরিচিত।

কী বলেছেন তৃণমূল নেতা?

গত রবিবার ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের উলকুণ্ডা অঞ্চলের তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে একটি দলীয় সভা ছিল। সেই সভায় যোগ দেন জটিল মণ্ডল। সেখানেই তৃণমূল নেতা হুমকি শানিয়ে বলেন, “কেন্দ্রীয় বাহিনী তোর বাবার বন্ধু লয়। ভোট হলেই চলে যাবে আর তখন তুই থাকবি না। কারণ গ্রাম পঞ্চায়েত আমাদের। পঞ্চায়েত সমিতি আমাদের। জেলা পরিষদ আমাদের। বিধানসভা আমাদের। চারখানা জায়গা আমাদের। তুই কোন জায়গায় কোন ঢোল পাততে পারবি না। থানা – পুলিশ – কোর্টে একেবারে হাড়গোড় ছাড়িয়ে দেব। ভদ্রভাবে যা বলছি শোন, তুই ভোট দিস আর না দিস , তুই ঘর থেকে বেরোবি না। এই কথাটা এখনই বলে দিতে হবে, একটা রাউন্ড বলে দিতে হবে। আর আমাদের বিরুদ্ধে যদি অপপ্রচার করিস তাহলে একদম হাত কেটে নেব”।

এখানেই থেমে থাকেন নি তিনি। তৃণমূল নেতার সংযোজন, “তুই আমাদের নেত্রীর দেওয়া ভাতা নিচ্ছিস। তোর বউ আমাদের নেত্রীর দেওয়া ভাতা নিচ্ছে। তুই চাল খাচ্ছিস। জমির টাকা লিচ্ছিস, শালা সব লিচ্ছিস। আর ভোটটা অন্য দিকে মারবি, ছেড়ে কথা কইব না”।

তৃণমূল নেতার মন্তব্যের বিরোধিতা বিরোধীদের

জটিল মণ্ডলের এহেন মন্তব্যের তীব্র নিন্দা করেছে বিজেপি। পাল্টা হুমকিও দেন বিজেপির রাজ্য সম্পাদক শ্যামাপদ মণ্ডল। বলেন, “উনি যদি কারও হাত কাটতে পারেন, তাহলে এমন মানুষও থাকবে যে উনারও হাত কাটতে পারে”।

RELATED Articles