ফের অফিস টাইমে ব্যাহত মেট্রো পরিষেবা। মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা। ফলে বন্ধ পরিষেবা। ব্যস্ত সময়ে যাত্রীদের নাকালের অন্ত নেই।
কলকাতা মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, আজ, বুধবার সকাল ১০টা ৫৪ মিনিট নাগাদ চাঁদনি চক স্টেশনে মেট্রো ঢোকার সময় আত্মহত্যার চেষ্টা করেন একজন। এর জেরে বন্ধ হয়ে যায় পরিষেবা। মেট্রোর সামনে ঝাঁপ দেওয়ায় লাইনেই ঢোকার সময় আটকে পড়ে মেট্রো। ট্রেনের বেশিরভাগ অংশই টানেলের মধ্যে আটকে।
এই ঘটনার জেরে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা ব্যাহত। মেট্রো চলাচল করলেও তা কাটা রুটে। দক্ষিণেশ্বর থেকে গিরীশ পার্ক পর্যন্ত চলছে মেট্রো। আবার ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত জারি পরিষেবা। বাকি গিরীশ পার্ক থেকে ময়দানের মাঝে বন্ধ পরিষেবা। আপ লাইনেও এভাবেই চলছে মেট্রো।
এদিকে অফিস টাইমে মেট্রো পরিষেবার এমন অবস্থা হওয়ায় চরম ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে অন্য রুট ধরার চেষ্টায় যাত্রীরা। কিছুদিন আগেও এভাবে মেট্রো লাইনে আত্মহত্যার চেষ্টা করায় বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গিয়েছিল পরিষেবা। এবার ফের তেমনই হল। পরিষেবা কতক্ষণে স্বাভাবিক হবে, তা এখনও জানা যায়নি।





