‘লোক দেখানো আন্দোলন করছেন, বিচারের অপেক্ষায় আছি…’, আর জি কর কাণ্ডের প্রতিবাদকে কটাক্ষ দিলীপের, কী জানালেন তিনি?

আর জি কর কাণ্ডের প্রতিবাদ এখনও চলছে রাজ্যের দিকে দিকে। জুনিয়র চিকিৎসকরা অনশন তুলে নিলেও আন্দোলনের পথ থেকে সরেন নি তারা। তবে আর জি কর নিয়ে এই আন্দোলনকে লোক দেখানো আন্দোলন বলে দাগলেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। তাঁর কথায়, আর জি করের নির্যাতিতা যদি বিচার না পায়, তাহলে যারা এই আন্দোলনকে পিছন থেকে চালনা করছেন, তাদের সেই দায় নিতে হবে।    

গতকাল, মঙ্গলবার হালিশহর বাগমোড়ের রাসবিহারী ভবনে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির বিজয়া সম্মিলনী আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠান নৈহাটি লাগোয়া হওয়ায় উপনির্বাচনের বিজেপি প্রার্থী রূপক মিত্র সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। হাজির ছিলেন দিলীপ ঘোষও। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে আর জি করের আন্দোলন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি।

দিলীপের কথায়, “পশ্চিমবঙ্গে সরকারবিরোধী আন্দোলন শুরু হয়েছে, এমন পরিস্থিতিতেই আমরা নির্বাচন লড়ব। আমরাও দেখতে চাই সাধারণ মানুষ খালি আন্দোলন করে রাত জাগছেন, নাকি সরকারের পতনের চাইছেন”।

নির্যাতিতার বিচারের দাবীতে রাত দখলদারীদের উদ্দেশে তাঁর বার্তা, “যদি উপনির্বাচনে এর (নির্যাতিতার বিচারের দাবিতে আন্দোলন) প্রভাব না পড়ে, তাহলে মনে করতে হবে জনগণ লোক দেখানো জন্য এই আন্দোলন করছেন। রাজনৈতিক পরিবর্তনের জন্য নয়”।

আর জি করের ঘটনার প্রায় আড়াই মাস পেরিয়ে গিয়েছে। দিলীপ ঘোষ জানান, তিনিও ন্যায় বিচারের অপেক্ষায় রয়েছেন। তিনি বলেন, “আমরা অভয়ার বিচারের অপেক্ষায় আছি। মানুষ অনেক আশা নিয়ে রাস্তায় নেমেছেন। ডাক্তাররা আন্দোলন করছেন। তার পরও যদি বিচার না হয়, তাহলে এই আন্দোলনকে যারা পিছন থেকে চালিয়েছেন, তাদের দায় নিতে হবে”।

এখানেই শেষ নয়, গত সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠকের লাইভ স্ট্রিমিং নিয়েও মন্তব্য করেন বিজেপি নেতা। বলেন, “এখন মনে হচ্ছে জিনিসগুলি অনেকটা সাজানো হচ্ছে”। তবে এখনও জনগণের এই আন্দোলনকে ঐতিহাসিক অরাজনৈতিক আখ্যা দেন তিনি। দিলীপের আশা, “এর লাভ যেন জনতা পায়”।

আরও পড়ুনঃ অবৈধভাবে ভারতে প্রবেশ, নথি জাল করে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ, বাংলা থেকে গ্রেফতার ৪১ জন বাংলাদেশি

বলে রাখি, আর জি কর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনকে প্রথম থেকেই অরাজনৈতিক বলে আখ্যা দিয়ে এসেছেন জুনিয়র চিকিৎসকরা। বিজেপি, কংগ্রেস বা তৃণমূলের কোনও নেতানেত্রীদেরই এই আন্দোলনে ঘেঁষতে দেন নি তারা। তবে অন্য এক রাজনৈতিক দলের ব্যক্তিত্বদের দেখা গিয়েছে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে। এর ফলে অনেকেরই ধারণা আন্দোলন হাইজ্যাক হয়ে গিয়েছে আর এর নেপথ্যে রয়েছে কিছু বাম ও অতি বাম শক্তি। সেই কারণেই এবার নাম না করে এই আন্দোলন নিয়েব কটাক্ষ করলেন দিলীপ ঘোষ।

RELATED Articles