কলকাতার মানুষ প্রতিদিন যাতায়াতের জন্য লোকাল ট্রেনের উপর নির্ভরশীল। বিশেষত শিয়ালদহ লাইনের যাত্রীসংখ্যা সবসময়ই তুলনামূলক বেশি। ব্যস্ত সময়ে ঠাসাঠাসি ভিড়ের মধ্যে প্রতিদিন অফিসযাত্রীদের ভ্রমণ একপ্রকার যুদ্ধের মতো হয়ে দাঁড়ায়। তবে সম্প্রতি রেলের তরফে একের পর এক পরিবর্তন যাত্রীদের জন্য কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে এসি লোকাল পরিষেবা।
শিয়ালদহ থেকে রানাঘাট সেকশনে যখন প্রথম এসি লোকাল চালু হয়েছিল, তখন থেকেই যাত্রীরা ইতিবাচক সাড়া দেন। এবার সেই অভিজ্ঞতাকে আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, নতুন দুটি রুটে এসি লোকাল চালু করা হবে। এই সিদ্ধান্তের ফলে হাজার হাজার যাত্রীর যাতায়াত আরও আরামদায়ক হতে চলেছে।
রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম রুটটি হবে শিয়ালদহ থেকে বারাসত হয়ে বনগাঁ এবং রানাঘাট পর্যন্ত। অন্যদিকে, দ্বিতীয় রুট চালু হবে শিয়ালদহ থেকে রানাঘাট হয়ে কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত। যদিও নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি, তবে আগামী সপ্তাহ থেকেই পরিষেবা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
বনগাঁ রুটে সকালে রানাঘাট থেকে ছাড়বে ৭টা ১১ মিনিটে, বনগাঁ থেকে পাওয়া যাবে ৭টা ৫২ মিনিটে এবং শিয়ালদহ পৌঁছবে ৯টা ৩৭ মিনিটে। বিকেলে শিয়ালদহ থেকে ট্রেন ছাড়বে ৬টা ১৪ মিনিটে, বনগাঁ থেকে মিলবে ৮টা ০৪ মিনিটে এবং রানাঘাট পৌঁছবে রাত ৮টা ৪১ মিনিটে। অন্যদিকে কৃষ্ণনগর রুটে সকালে শিয়ালদহ থেকে ট্রেন ছাড়বে ৯টা ৪৮ মিনিটে এবং কৃষ্ণনগর পৌঁছবে দুপুর ১২টা ০৭ মিনিটে। ফেরার পথে কৃষ্ণনগর থেকে ছাড়বে দুপুর ১টা ৩০ মিনিটে এবং শিয়ালদহ পৌঁছবে ৩টা ৪০ মিনিট নাগাদ।
আরও পড়ুনঃ Ssc Protest : এসএসসি ভবন অভিযান আটকাল পুলিশ, তবে হাই কোর্টের নির্দেশে দাবিসনদ জমা দিতে কমিশন দপ্তরে যাবে আন্দোলনকারীদের প্রতিনিধিদল!
শিয়ালদহ থেকে বারাসত পর্যন্ত ভাড়া ৬০ টাকা, হাবরা পর্যন্ত ৯০ টাকা, বনগাঁ পৌঁছতে লাগবে ১২০ টাকা এবং রানাঘাট যেতে দিতে হবে ১৫০ টাকা। অন্যদিকে কৃষ্ণনগর লাইনে শিয়ালদহ থেকে সোদপুর যেতে ভাড়া ৬০ টাকা, নৈহাটি পর্যন্ত ৯০ টাকা, রানাঘাট যেতে ১২০ টাকা এবং কৃষ্ণনগর পর্যন্ত ১৪০ টাকা। ফলে স্বাভাবিক লোকালের তুলনায় কিছুটা বেশি হলেও আরামদায়ক ভ্রমণের জন্য অনেকেই এই পরিষেবার দিকে ঝুঁকবেন বলে মনে করা হচ্ছে।





