সপ্তাহের প্রথম দিনই ভয়ঙ্কর দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে গেল বাস, পরপর পিষে দিল তিনটি গাড়িকে, আহত একাধিক

সপ্তাহের প্রথম দিনেই সকাল সকাল ঘটে গেল এক ভয়ঙ্কর দুর্ঘটনা। স্থান সেই বেহালা। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে গেল এক যাত্রীবাহী বাস। বাসের পিছনেই ছিল একই লাক্সারি বাস। সেটি গিয়েও ধাক্কা মারে ওই বাসে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় ১৫ জন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

কীভাবে ঘটল দুর্ঘটনা?

দুর্ঘটনাটি ঘটেছে বেহালার ঠাকুরপুকুরে। জানা গিয়েছে, এদিন সকালে ২৩৫ রুটের একটি বাস তারাতলা থেকে যাচ্ছিল পৈলানের দিকে। সেই সময় আচমকাই ঠাকুরপুকুর ৩এ বাসস্ট্যান্ডের কাছে ওই বাসের পিছনে ধাক্কা মারে একটি লাক্সারি বাস। যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারায়। এরপরই সেই বাস সামনে থাকা একটি প্রাইভেট গাড়ি ও পুলিশের গাড়িকে ধাক্কা মেরে উঠে যায় সোজা ডিভাইডারে।

দুটি বাসেরই সামনের অংশ একেবারে দুমড়ে-মুচড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। সোমবারের ব্যস্ত সকালে ওই সময় ফলের পসরা সাজিয়ে বসেছিলেন এক ফল বিক্রেতা। সেখানে এক ব্যক্তি ফল কিনছিলেন। এই দুর্ঘটনার জেরে তাদের ধাক্কা মারে বাসটি। দু’জনেই রাস্তার অনেকটা দূরে ছিটকে পড়ে যান।   

এমনকি, ওই এলাকাতেই কালীপুজোর প্যান্ডেল বাঁধার কাজ চলছিল/ সেখানে কয়েকজন ছিলেন। বসের ধাক্কায় আহত হন তারাও। এখনও পর্যন্ত ১৫ জনের আহত হওয়ার খবর মিলেছে। ওই যাত্রীবাহী বাসেও ১০-১২ যাত্রী ছিলেন বলে খবর। স্থানীয় বাসিন্দা ও পুলিশের তৎপরতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।

প্রসঙ্গত, কিছুমাস আগেই এই বেহালাতেই ভয়ঙ্কর এক দুর্ঘটনায় প্রাণ হারায় বড়িশা স্কুলের এক চতুর্থ শ্রেণীর ছাত্র। সেই দুর্ঘটনার পর সেখানে ড্রপ গেট বসানো হয়। আজ যেখানে দুর্ঘটনা ঘটেছে, সেখান থেকে ওই এলাকা ২ কিলোমিটার দূরে। তবে বেহালা আর পাল্টায় নি। যা অবস্থা আগে ছিল, তা এখনও তাই-ই রয়েছে। আর এর প্রমাণ আজকের এই দুর্ঘটনা।

RELATED Articles