অযোধ্যার রাম মন্দির এবার কলকাতাতেই, উদ্বোধন করবেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

অযোধ্যার রাম মন্দির নিয়ে ভক্তদের মধ্যে উচ্ছ্বাসের অন্ত নেই। কবে এই মন্দিরের দরজা সর্বসাধারণের জন্য খুলবে, তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সকলে। উত্তরপ্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগেই অযোধ্যার রাম মন্দিরের দরজা খুলে যাবে সকলের জন্য। কিন্তু তার আগেই যদি কলকাতাতেই উদ্বোধন হয় রাম মন্দিরের, তাহলে?

কী হচ্ছে ব্যাপারটা?

হ্যাঁ, এবার অযোধ্যার রাম মন্দির দেখা যাবে কলকাতাতেই। এবারের দুর্গাপুজোতে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর থিম হল অযোধ্যার রাম মন্দির। আজ, শনিবারই এই থিমের উদ্বোধন করলেন পুজোর উদ্যোক্তারা। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো সজল ঘোষ ও প্রদীপ ঘোষের পুজো বলেই পরিচিত। থিমের উদ্বোধনে উপস্থিত ছিলেন সজল ঘোষ। শোনা যাচ্ছে, এবারের এই পুজোর উদ্বোধন করতে আসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিনিধিরাও থাকতে পারেন।

প্রসঙ্গত, প্রত্যেক বছরই দুর্গাপুজোতে নতুন নতুন থিম এনে চমক দেয় সন্তোষ মিত্র স্কোয়ার। এবারেও এর অন্যথা হবে না। গত বছর এই পুজো মণ্ডপের থিম ছিল ‘আজাদি কা অমৃত মহোৎসব’। লেজার শো আর লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে দেশের বীরসন্তানদের বীরগাথা ফুটিয়ে তোলা হয়েছিল মণ্ডপে। আর এবার তাদের চমক অযোধ্যার রাম মন্দির।

এই বছর দুর্গাপুজো পড়েছে আশ্বিনে নয়, কার্ত্তিক মাসে। ইতিমধ্যেই বড় পুজোগুলির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আর কলকাতার পুজোর কথা উঠলে সন্তোষ মিত্র স্কোয়ারের কথা না বললেই নয়। জাঁকজমকের নিরিখে প্রথম সারিতে থাকে এই পুজো। কখনও সোনার দুর্গা, কখনও রাজস্থানের লক্ষ্মীনারায়ণ মন্দির, কখনও লালকেল্লা এই পুজোর থিম হয়েছে।

আরও অন্যান্য খবর