২৯ এপ্রিল সকাল থেকেই পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকে বিভিন্ন বুথে ভোটারদের ভিড় চোখে পড়েছে। অতিরিক্ত গরমের মাঝেও আবহাওয়া কিছুটা স্বস্তি দেওয়ায় ভোট দিতে বেরিয়েছেন বহু মানুষ। ফলে সকাল থেকেই ভোটকেন্দ্রগুলিতে ছিল উৎসবের আবহ।
এদিন সকালে সোনারপুর দক্ষিণের একাধিক ভোটকেন্দ্র ঘুরে দেখেন তৃণমূল কংগ্রেস প্রার্থী লাভলি মৈত্র। ভোটারদের সঙ্গে কথা বলেন তিনি এবং বুথের পরিস্থিতি খতিয়ে দেখেন। পরিদর্শনের সময় কয়েকটি কেন্দ্রে ভোটগ্রহণ ধীরগতিতে চলছে বলে অভিযোগ তোলেন তিনি।
লাভলির দাবি, ধীরগতির কারণে অনেক ভোটারকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে বিশেষ করে প্রবীণ ও অসুস্থ মানুষ সমস্যায় পড়ছেন। তিনি প্রশাসনের কাছে অনুরোধ জানান, দ্রুত এই বিষয়টি নজরে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা করতে।
একই সঙ্গে তিনি বলেন, গরমের মধ্যে যাতে কেউ অসুস্থ না হয়ে পড়েন, সেই দিকেও নজর রাখা দরকার। বয়স্ক ও শারীরিকভাবে অসুস্থ ভোটারদের আগে ভোট দেওয়ার সুযোগ দেওয়া উচিত বলেও মত জানান তিনি। প্রশাসনের পক্ষ থেকেও বিষয়টি দেখা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
অন্যদিকে এদিন সোনারপুর দক্ষিণে ভোট দিতে এসে ইভিএম সমস্যার মুখে পড়েন বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়। পরে সেই সমস্যা মিটে গেলে তিনি ভোট দেন। একই দিনে চারুচন্দ্র কলেজে ভোট দিতে এসে মেশিন বিভ্রাটের কারণে ভোট না দিয়েই ফিরে যান অভিনেতা চিরঞ্জিত। পরে এসে ভোট দেওয়ার কথা জানান তিনি।






