দাদার খুনের বদলা? প্রতিশোধ নিতেই ভাটপাড়ার তৃণমূল নেতাকে খুন, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য, ঘটনায় নাম জড়াল অর্জুন সিংয়ের

উপনির্বাচনের দিনও রাজ্যে ঝরল রক্ত। ভাটপাড়ায় অব্যাহত গোলাগুলি, বোমাবাজি, খুন। তৃণমূল নেতাকে খুনের ঘটনা আসলে প্রতিশোধের অঙ্গ, এমনটাই দাবী উঠল এই খুনকে ঘিরে। আর এই খুনের ঘটনায় নাম জড়িয়ে গেল বিজেপি নেতা অর্জুন সিংয়ের। এই খুনের অভিযুক্ত নাকি অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ বলে দাবী উঠল।

আজ, বুধবার সকালেই চায়ের দোকানে খুন হন এলাকার তৃণমূল নেতা অশোক সাউ। ৭-৮ জনের একটি দুষ্কৃতী দল বাইকে করে এসে এলোপাথাড়ি গুলি চালায় ওই নেতার উপর। এরপর তাঁকে লক্ষ্য করে চলে বোমাবাজিও। তৃণমূল নেতার গায়ে চারটি গুলি লাগে। হাসপাতালে নিয়ে হয় তাঁকে। পরে অন্য হাসপাতালে স্থানান্তরের সময় মৃত্যু হয় ওই তৃণমূল নেতার।

এই খুনের ঘটনা আসলে বদলা, এমনটাই খবর শোনা যাচ্ছে এই খুনকে ঘিরে। স্থানীয়দের অভিযোগ, এই খুন করেছে সুজল সাউ নামের এক সমাজবিরোধী ও তার দলবল। জানা গিয়েছে, ২০২০ সালে ভাটপাড়াআর এই পালঘাট রোডেই গণপিটুনিতে মৃত্যু হয়েছিল এই সজল সাউয়ের দাদা আকাশ সাউয়ের।

এই আকাশ সাউ দাগি দুষ্কৃতী বলেই পরিচিত ছিল এলাকায়। খুন থেকে শুরু করে মাদকের ব্যবসা, সবেতেই যুক্ত ছিল সে। সেই সময় ভাটপাড়ার ১৬ নং ওয়ার্ডের তৃণমূল সভাপতি ছিলেন অশোক সাউ। তাঁর দলবলই নাকি টার্গেট করে আকাশকে। গণপ্রহারে মৃত্যু হয়েছিল আকাশের। এবার চার বছর পর ফের সেই একই জায়গায় খুন হলেন অশোক সাউ।

জানা গিয়েছে, এই খুনের মূল ষড়যন্ত্রকারী সজল সাউ আকাশ সাউয়ের ভাই। সে নিজেও এলাকায় কুখ্যাত সমাজবিরোধী বলে পরিচিত। সে ও তার দলবল মিলেই অশোক সাউকে আজ সকালে খুন করে বলে দাবী করা হয়েছে। এই ঘটনাকে একদিকে যখন অর্জুন সিং তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাগালেন, তখনই আবার তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের দাবী, এই সুজল সাউ নাকি অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ ছিল।

আরও পড়ুনঃ ‘আধঘণ্টার মধ্যে না বেরোলে মেরে ফেলে দেব…’, বুথে দাঁড়িয়ে পুলিশের সামনেই বিজেপির এজেন্টকে হুমকি তৃণমূল নেতার

পার্থ ভৌমিক বলেন, “খুবই দুঃখজনক ঘটনা। আমাদের দলের একজন সক্রিয় নেতার মর্মান্তিক হত্যাকাণ্ড। তাও আবার আজকের ইলেকশনের দিন। আমরা ওদিকে ব্যস্ত ছিলাম। সেই সুযোগে এমনটা ঘটে গেল। আসলে বারাকপুর এলাকায় এতদিন ধরে অর্জুন সিং যে গুন্ডারাজের চাষ করেছে, তার রেশ হিসেবে এসব চলছে। অর্জুন সিং জেনে রাখুন, এই গুন্ডারাজ শেষ করবই। তখন তাকেও ভাটপাড়া ছেড়ে চলে যেতে হবে”। এই ঘটনায় হত্যাকারীদের দ্রুত গ্রেফতারি ও কড়া শাস্তির দাবী করেছেন তিনি।

আরও অন্যান্য খবর