ভারতীয় সিনেমা জগতের দুই প্রবাদপ্রতিম ব্যক্তিত্বের পৈত্রিক ভিটে কিনে নেওয়ার তোড়জোড় শুরু করেছে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া (Khyber pakhtunkhwa)প্রশাসন। পেশোয়ারে ভারতীয় সিনেমার দুই নক্ষত্র রাজ কাপুর (Raj Kapoor) ও দিলীপ কুমারের (dilip Kumar) পৈতৃক বাড়ি দুটি ভগ্নপ্রায় দশায় রয়েছে। খাইবার পাখতুনখাওয়ার পুরাতত্ত্ব বিভাগের তরফে জানানো হয়েছে, তারা বহুদিন ধরেই এই দুটি বাড়ি মেরামতের জন্য উদ্যোগী হয়েছে। কিন্তু আর্থিক সংকটের কারণে কাজ এগোয়নি। আর এবার অবশেষে ইমরান সরকার (government of Pakistan) এই দুই ভারতীয় তারকার বাড়ি মেরামতের জন্য আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা করেছে।
খাইবার পাখতুনখাওয়া প্রশাসন এই দুই তারকার পৈতৃক বাড়ি কিনে অবিলম্বে সেগুলিকে রাষ্ট্রীয় সম্পত্তি বলে ঘোষণা করবে। তারপরই যত তাড়াতাড়ি সম্ভব এই দুই তারকার বাড়ি মেরামতির কাজ শুরু করবে পাকিস্তানের প্রশাসন।
মেরামতির কাজ শুরু করার জন্য ইতিমধ্যে একটি দল এই দুই ভারতীয় ‘সিনেমাওয়ালার’ পৈতৃক বাড়িতে হাজির হয়েছিলেন। খাইবার পাখতুনখাওয়া পুরাতত্ত্ব বিভাগের প্রধান ডাক্তার আব্দুস সমদ খানের কথায়, দেশভাগের আগে ভারতীয় চলচ্চিত্র জগতের দুই তারকা রাজ কাপুর ও দিলীপ কুমার এই বাড়িতে থাকতেন। কম বয়সের অনেকগুলো দিন এই বাড়িতে কেটেছে তাঁদের। রাজ কাপুরের পৈতৃক বাড়ির নাম ছিল কাপুর হাভেলি। রাজ কাপুরের দাদু দিওয়ান বসেস্বরনাথ কাপুর এই বাড়িটি তৈরি করেছিলেন। পুরাতত্ত্ব বিভাগ অনুমান করেছে ১৯১৮ সালে এই বাড়ি তৈরি করা হয়েছিল। এই বাড়িতেই রাজ কাপুরের কাকা ত্রিলোক কাপুরের জন্ম হয়েছিল।
অন্যদিকে দিলীপ কুমারের বাড়িটি ১০০ বছরেরও বেশি পুরনো। এই বাড়িটি ওই একই এলাকা বা মহল্লায় অবস্থিত। এই বাড়িটির বর্তমান অবস্থা একেবারেই ভাল নয়। ২০১৪ সালে নওয়াজ শরীফের (Nawaz Sharif) সরকার এই বাড়িটিকে রাষ্ট্রীয় সম্পত্তি (national property) বলে ঘোষণা করেছিল। বহুবার এই দুটি ঐতিহাসিক বাড়ি ভেঙে প্লাজা তৈরীর চেষ্টা করেছিল একটি রিয়েল এস্টেট সংস্থা। কিন্তু এই দুই ভারতীয় কিংবদন্তির বাড়ি ভেঙে ফেলার অনুমতি পাকিস্তান সরকার দেয়নি।





