সাংহাই বৈঠকে চিন-পাকিস্তানকে কড়া বার্তা দিল ভারত, রাজনাথের কূটনৈতিক কষাঘাত

চিনের মাটিতে দাঁড়িয়েই নয়াদিল্লির কড়া জবাব! প্রতিবারের মতো এবারও চিনে আয়োজিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (SCO) শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছে ভারত। কিংদাও শহরে শুরু হওয়া এই সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সঙ্গে ছিল উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।

বৃহস্পতিবারের বৈঠকে চিন ও পাকিস্তানের যৌথ অবস্থানকে কার্যত কটাক্ষ করলেন রাজনাথ। SCO-এর পেশ করা যৌথ বিবৃতিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান তিনি। তাঁর প্রশ্ন— যেখানে বালোচিস্তানকে জায়গা দেওয়া হয়েছে, সেখানে কেন বাদ পড়ল পহেলগাঁও? কূটনৈতিক শিবির মনে করছে, পহেলগাঁওয়ের মতো গুরুত্বপূর্ণ ঘটনায় নজর না দিয়ে বালোচিস্তানকে জায়গা দেওয়ার অর্থ, সেখানে চলা আন্দোলনের পিছনে ভারতকে দায়ী করতে চাইছে চিন-পাকিস্তান।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে বারবার আন্তর্জাতিক মঞ্চে আওয়াজ তুলছে ভারত। পহেলগাঁওয়ে সম্প্রতি ঘটে যাওয়া জঙ্গি হামলার প্রসঙ্গ টেনে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, “সন্ত্রাসবাদ ও শান্তি কখনও একসঙ্গে থাকতে পারে না। যারা সন্ত্রাসবাদকে আশ্রয় দেয়, তাদের ফল ভোগ করতেই হবে। কিছু দেশ এখনও সীমান্তে জঙ্গিদের মদত দিয়ে যাচ্ছে। আমাদের এই গোষ্ঠীর উচিত নির্দ্বিধায় তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া।”

তিনি আরও বলেন, “পহেলগাঁওয়ে ধর্ম দেখে হত্যালীলা চালিয়েছে এক জঙ্গি গোষ্ঠী। ভারত তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। কারণ দেশের নিরাপত্তা রক্ষা আমাদের অধিকার। আমরা বুঝিয়ে দিয়েছি, সন্ত্রাসের আঁতুড়ঘর এখন আর নিরাপদ নয়।”

আরও পড়ুনঃ নৌসেনার সদর দপ্তর থেকে তথ্য পাচার! পাক মহিলা এজেন্টকে গোপন তথ্য দিতেন ভারতীয় ক্লার্ক, গ্রেপ্তার

চিনের শহরে দাঁড়িয়ে রাজনাথের এই বার্তা স্পষ্ট— সন্ত্রাসে মদতদাতা দেশগুলিকে আর ছাড় দেওয়া হবে না। চিন ও পাকিস্তানকে নিশানা করে নয়াদিল্লির এই কূটনৈতিক কষাঘাত নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles