নির্বাচনের ফলাফল প্রকাশের পর রাজনৈতিক সহিংসতা যেন বাংলার বুকে এক অন্ধকার ইতিহাস হয়ে দাঁড়িয়েছে। সেই রক্তাক্ত অধ্যায়ের এক ভয়াবহ ঘটনায় চার বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও অপরাধীরা রয়ে গিয়েছিল অধরা। কিন্তু এবার অবশেষে বড়সড় সাফল্য পেয়েছে সিবিআই (CBI)। এক বিজেপি কর্মীকে খুনের ঘটনায় পলাতক এক অভিযুক্তকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সেই দিন ছিল ২০২১ সালের ২ মে। রাজ্য বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন। আর ঠিক সেই দিনেই কাঁকুড়গাছিতে খুন হন বছর তিরিশের বিজেপি কর্মী অভিজিৎ সরকার। পরিবার এবং দলীয় নেতৃত্বের অভিযোগ ছিল, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই পরিকল্পিতভাবে খুন করে ওই যুবককে। এই ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্য পুলিশের হাত থেকে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে।
সেই সময় থেকেই বেশ কয়েকজন অভিযুক্ত পলাতক ছিল। ২০২১ সালের ১৭ নভেম্বর শিয়ালদহ এসিজেএম আদালত পাঁচ অভিযুক্তকে অপরাধী ও পলাতক ঘোষণা করে। এরপর সিবিআই জারি করে গ্রেফতারি পরোয়ানা এবং তাদের ধরতে ঘোষণা করা হয় মাথা পিছু ৫০ হাজার টাকার পুরস্কার। এতদিনে সেই পাঁচজনের মধ্যে একজন, অরুণ দে ধরা পড়ল।
পলাতক অরুণ দে-কে উত্তর ২৪ পরগনা থেকে গ্রেফতার করেছে সিবিআই। জানা গিয়েছে, তাঁর বাড়ি নারকেলডাঙার গিরিশ বিদ্যারত্ন লেনে। তাঁকে ধরতে ৫০ হাজার টাকার পুরস্কারও ঘোষণা করেছিল সিবিআই। অবশেষে গোপন সূত্রের ভিত্তিতে অভিযুক্তকে পাকড়াও করা হয়। তবে এখানেই তদন্ত শেষ নয়।
আরও পড়ুনঃ সাংহাই বৈঠকে চিন-পাকিস্তানকে কড়া বার্তা দিল ভারত, রাজনাথের কূটনৈতিক কষাঘাত
সিবিআই জানিয়েছে, এখনও অধরা রয়েছে বাকি চার অভিযুক্ত— সুখদেও পোদ্দার ওরফে সুখা, গোপাল দাস ওরফে বিশাল পাল, বিশ্বজিৎ দাস ওরফে বোম্পা এবং অমিত। এই চারজনেরই বাড়ি নারকেলডাঙা থানা এলাকায়। তাঁদের ধরতে এখনও পুরস্কার ঘোষণা রয়েছে। কোনও ব্যক্তি যদি এই চার অভিযুক্ত সম্পর্কে তথ্য দেন, তাহলে মাথা পিছু ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানানো হয়েছে সিবিআই-এর তরফে। তদন্ত চলছে, আরও চাঞ্চল্যকর তথ্য উঠে আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।





