Fire at Hospital: মর্মান্তিক! ভয়াবহ অগ্নিকাণ্ড হাসপাতালে, দমবন্ধ হয়ে মৃত্যু ১০ সদ্যোজাতের

মর্মান্তিক অগ্নিকাণ্ডের জেরে প্রাণ হারাল ১০ সদ্যোজাত শিশু। হাসপাতালের নবজাতক কেয়ার ইউনিটে আগুন লেগে কমপক্ষে ১০জন শিশুর মৃত্যুর খবর  পাওয়া গিয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সম্ভবত শর্ট সার্কিটের জেরেই এই আগুন লেগেছে। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ভাণ্ডারা জেলার একটি হাসপাতালের নবজাতক কেয়ার ইউনিটে। মুম্বই থেকে প্রায় ৯০০ কিলোমিটার দূরে অবস্থিত এই হাসপাতাল। জানা গিয়েছে, এই হাসপাতালের নবজাতক কেয়ার ইউনিটে ভর্তি ছিল প্রায় ১৭ জন শিশু। শুক্রবার রাত ২টো নাগাদ ঘটে এই অগ্নিকাণ্ড। সূত্রের খবর অনুযায়ী, এই অগ্নিকাণ্ডের ঘটনা প্রথমে চোখে পড়ে এক কর্মরতা নার্সের। তিনিই প্রথম নবজাতক কেয়ার ইউনিট থেকে ধোঁয়া বেরোতে দেখতে পান। চিৎকার শুরু করেন তিনি। ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। এরপরই নবজাতক কেয়ার ইউনিট থেকে শিশুদের উদ্ধার করা শুরু হয়।

https://twitter.com/ANI/status/1347714387344121857

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই ইউনিটে মোট ১৭ জন শিশু ভর্তি ছিল। ৭ জনকে সেখান থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে কিন্ত অগ্নিকাণ্ডে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে ১০ জন শিশুর। হাস্পাতালেরেক চিকিৎসকের সূত্রে জানা গিয়েছে যে মৃত শিশুদের বয়স এক থেকে তিন মাসের মধ্যে। আগুন দেখে খবর দেওয়া হয় দমকলবাহিনীকে। তাঁরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা। তবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট  নয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে হয়ত শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। তদন্ত শুরু হয়েছে এই নিয়ে। এই ঘটনায় কারোর গাফিলতি রয়েছে কী না, তাও খতিয়ে দেখছে পুলিশ।

https://twitter.com/ANI/status/1347743554962030592

এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে আলোচনা করেছেন স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে ও ভাণ্ডারা জেলা কালেক্টর ও এসপি। সদ্যোজাত শিশুদের মৃত্যুর এই ঘটনায় টুইটারে শোকপ্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

RELATED Articles