আগামী মাসেই বিধানসভা নির্বাচন (Assembly Election) রয়েছে গুজরাতে (Gujarat)। এরই মাঝে বড় ভাঙনের মুখে গুজরাত কংগ্রেস। গুজরাত কংগ্রেসের ১০ বারের বিধায়ক মোহনসিংহ রাথওয়া (Mohansinh Rathwa) যোগ দিলেন বিজেপিতে (BJP)। গতকাল, মঙ্গলবারই ৭৮ বছর বয়সি এই নেতা নিজের পদত্যাগ পত্র পাঠিয়ে দেন গুজরাত কংগ্রেস সভাপতি জগদীশ ঠাকুরকে।
মোহনসিংহ রাথওয়া ছোটো উদয়পুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। গতকাল বিজেপিতে যোগ দেওয়ার পর দলের সদর দফতর থেকে তিনি বলেন, “আমার বয়স হচ্ছে। আমি নিজে ভোটে দাঁড়ানোর ইচ্ছেও প্রকাশ করিনি। আমার পুত্র রাজেন্দ্রসিংহ একজন সিভিল ইঞ্জিনিয়ার। ওঁর মনে হয়েছে আমাদের বিজেপিতে যোগ দেওয়া উচিত”।
কিছুদিন আগেই মোহনসিংহ ঘোষণা করেছিলেন যে তিনি এবারের নির্বাচনে লড়বেন না। তাঁর ইচ্ছা ছিল যে ওই কেন্দ্র থেকে যাতে তাঁর ছেলে রাজেন্দ্রসিংহ রাথওয়া ভোটের টিকিট পান। এই বিষয়ে তিনি বলেন, “আমি ১০০ শতাংশ নিশ্চিত যে বিজেপি আমার ছেলেকেই ভোটে দাঁড়ানোর টিকিট দেবে”।
মাঝে গুঞ্জন রটেছিল যে কংগ্রেস মোহনসিংহের ছেলেকে টিকিট দিতে নারাজ। তবে সেই গুজবকে নস্যাৎ করে দিয়ে মোহনসিংহ বলেন, “কংগ্রেস কখনও আমার ছেলেকে অস্বীকার তো করেনি। কংগ্রেস এ ব্যাপারে কিছু বলার আগেই আমার এই সিদ্ধান্ত। নরেন্দ্র মোদি গুজরাতের জনজাতি এলাকার জন্য যা উন্নয়নমূলক কাজ করেছেন তা দেখেই আমার এবং রাজেন্দ্রসিংহের বিজেপিতে যোগ দেওয়ার এই সিদ্ধান্ত”।
বলে রাখি, গুজরাত বিধানসভা নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের তরফে নানান নিয়মাবলীর কথা জানানো হয়েছে। জানা গিয়েছে, এই নির্বাচনে মহিলারা ১২৭৪টি বুথ সম্পূর্ণভাব পরিচালনা করবেন। কম বয়সী নির্বাচনী আধিকারিকরা থাকবেন ৩৩টি পোলিং স্টেশন পরিচালনার দায়িত্বে। শুধুমাত্র গুজরাতই নয়, হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের জন্য একজন করে স্পেশ্যাল পর্যবেক্ষক মোতায়েন করা হয়েছে।





