রাজ্যে সর্বোপরি কলকাতাতে দিনদিন বেড়ে চলেছে ডেঙ্গু আতঙ্ক। একাধিক মানুষ আক্রান্ত হচ্ছেন এই মশাবাহিত রোগে। বিরোধী পক্ষের তরফে অভিযোগ জানানো হচ্ছে যে কলকাতা পুরসভা ডেঙ্গু নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ করছে না। এ নিয়ে নানান বিতর্কও দানা বেঁধেছে। এবার এসবের মধ্যে ডেঙ্গু সচেতনতায় পথে নামলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।
ডেঙ্গু সচেতনতা বাড়াতে নিজের এলাকায় মিছিল করলেন ফিরহাদ হাকিম। আজ, বুধবার সকালে দলের নেতা-কর্মীদের নিয়ে ৮২ নম্বর ওয়ার্ডে যান তিনি। কোথায় কোথায় আবর্জনা জমেছে, সবটা খতিয়ে দেখেন ভালোভাবে। নিজের হাতে পরিষ্কারও করেন মেয়র।
এদিন ৮২ নম্বর ওয়ার্ড ছাড়াও আরও বেশ কয়েকটি ওয়ার্ডে যান তিনি। কোথাও জল জমে রয়েছে কী না, তা খতিয়ে দেখেন। নির্মীয়মাণ বহুতলে জল জমে থাকতে দেখেন তিনি। তা নিয়ে কড়া পদক্ষেপের নির্দেশ দেন ফিরহাদ।
ফিরহাদ হাকিম এদিন জানান যে সপ্তাহে ২ দিন করে পথে নামবেন তিনি ডেঙ্গু সচেতনতার বার্তা দেওয়ার জন্য। এর পাশাপাশি সকলকে সতর্ক থাকার পরামর্শও দেন তিনি। বলে রাখি, পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত রাজ্যে ডেঙ্গুর কারণে বলি হয়েছেন ৮৫ জন। আক্রান্তের সংখ্যাও দিনদিন বাড়ছে।





