কোচিন শিপইয়ার্ড উড়িয়ে দেওয়ার হুমকি এল। এই বিষয়ে বেনামী উৎস থেকে ইমেল করা হয়েছে। বিস্ফোরণে ভারতীয় নৌসেনার এয়ারক্রাফট ক্যারিয়ার আইএনএস বিক্রান্ত উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
জানা গিয়েছে, আজ, সোমবার কোচিন শিপইয়ার্ড কর্তৃপক্ষের কাছে একটি ইমেল আসে। এই ইমেলে হুমকি দেওয়া হয় যে হামলায় ভারতীয় নৌসেনার সম্পত্তি নষ্ট করা হবে।
এমন হুমকিও দেওয়া হয় যে কোচিন শিপইয়ার্ড ও আইএনএস বিক্রান্তকে উড়িয়ে দেওয়া হবে। কর্তৃপক্ষের তরফে পুলিশকে এই বিষয়টি তড়িঘড়ি জানানো হয়, তদন্ত শুরু করেছে আরনাকুলাম সাউথ থানার পুলিশ। তথ্য প্রযুক্তি আইনে মামলাও দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।
শুধুমাত্র স্থানীয় পুলিশই নয়, এই ঘটনার তদন্ত শুরু করেছে একাধিক কেন্দ্রীয় সংস্থাও। কোন উৎস থেকে এই ধরনের ইমেল এল, কেন এল, এসমস্ত খুঁজে বের করার চেষ্টা শুরু হয়েছে। গত জুলাই মাসে এক আফগান নাগরিককে আরনাকুলাম সাউথ থানার পুলিশ কলকাতা থেকে গ্রেফতার করেছিল।
ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ছিল, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও অত্য়ন্ত গুরুত্বপূর্ণ কোচিন শিপইয়ার্ডে কাজ করছিল ওই ব্যক্তি। এই কারণে তাঁকে গ্রেফতার করা হয়।





