নাড্ডা কান্ডের পুনরাবৃত্তি যেনও না হয়! বঙ্গে অমিত শাহ্’র নিরাপত্তা নিয়ে রাজ্য পুলিশকে চিঠি CPRF’এর

আগের সপ্তাহেই বঙ্গ সফরে এসেছিলেন  বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বাংলার মসনদ জেতার লক্ষ্যে, পদ্মের শিকড়কে আর‌ও গভীরে পৌঁছাতে আজ রাতেই বাংলা সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির চাণক্য অমিত শাহ্।
কাল মেদিনীপুরে শহরে শনিবার তাঁর বহুচর্চিত জনসভা। দু’দিনের এই বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য নিশ্চিদ্র নিরাপত্তা দাবি করে   রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়েছে সিআরপিএফ। 
রাজ্যের প্রশাসনিক ভবন নবান্ন সূত্রে জানানো হয়েছে, বৃহস্পতিবার পাঠানো এই চিঠিতে অমিতের সফরসূচিতে যে সকল এলাকা বা স্থান রাখা রয়েছে, সেখানকার নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি জানতে চাওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত সপ্তাহেই বাংলা সফরে এসে কলকাতা থেকে ডায়মন্ড হারবার যাওয়ার সময় হামলার মুখে পড়েছিল বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়। সেই ঘটনার রেশ এখনও কাটেনি। রাজনৈতিক চাপানউতোর চলছেই। হামলার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজিকে দিল্লিতে তলব এবং তিন আইপিএস আধিকারিককে ডেপুটেশনে বদলির নির্দেশ নিয়ে ভোটের প্রাক্কালে মুখোমুখি লড়াইয়ে নেমেছে নবান্ন ও দিল্লির নর্থ ব্লক।

সেই আবহেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য সফর নিয়ে সিআরপিএফ কর্তৃপক্ষের এই চিঠি। সূত্রের খবর, সেই চিঠিতে নাড্ডার কনভয়ে হামলার প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে রাজ্য স্বরাষ্ট্র দফতরের এক শীর্ষ আধিকারিকের বক্তব্য, “রাজ্যে কোনও ভিআইপি এলে তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে সবসময়ই পুলিশ-প্রশাসনকে চিঠি পাঠানো হয়। এটি একটি রুটিন স্ট্যান্ডার্ড প্রসিডিওর। এই চিঠিও তাই।”

চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক আগামীকাল বাংলায় স্বরাষ্ট্রমন্ত্রীর সফর সূচি-

শনিবার কলকাতা বা কলাইকুন্ডা থেকে দুপুরে হেলিকপ্টারে মেদিনীপুরে যাবেন অমিত শাহ। সেখানে হবিবপুরে সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দেবেন। তারপর যাবেন ওই এলাকায় ক্ষুদিরামের মাসির বাড়ি। সেখান থেকে যাবেন কর্ণগড়ে মা মহামায়া মন্দিরে পুজো দিতে। তারপর বালিজুরি গ্রামের কৃষক সনাতন সিংহের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 

এরপর তিনি যাবেন মেদিনীপুর কলেজমাঠে হাইভোল্টেজ জনসভায়। উল্লেখ্য গুঞ্জন উঠেছে, যেখানে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদানের কথা শুভেন্দু অধিকারীর।

রাতে কলকাতা ফিরে বালিগঞ্জের পার্ক লেনে তাঁর একটি কর্মসূচি রয়েছে। ওই দিনই নিউটাউনের হোটেলে রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে বৈঠক।

রবিবার সকালে হেলিকপ্টারে যাবেন বীরভূম। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন। বাউল আশ্রমে বাউলদের সঙ্গে মধ্যাহ্নভোজ শেষে বোলপুরে রোড শো। 

তারপর পথযাত্রা। বাংলা সফরের শেষে সাংবাদিক সম্মেলন করে অণ্ডাল বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

RELATED Articles