করোনা প্রতিরোধে দেশজুড়ে হওয়া লকডাউনে সবচেয়ে বিপাকে পড়েছে পরিযায়ী শ্রমিকরা। এবার তাঁদের সুবিধার্থে বিশেষ প্রকল্প রূপায়ণ করার কথা ভাবছে কেন্দ্র। সূত্র মারফত এক আধিকারিকর জানিয়েছেন যে, জুন মাস নাগাদই চালু হতে পারে প্রকল্প, চলতে পারে কম করে চার মাসের জন্য। যাঁরা লকডাউনের জন্য বাড়ি ফিরেছেন তাঁদের জন্য কিছু কাজের ব্যবস্থা বা নগদ টাকা দেওয়ার ব্যবস্থা এই প্রকল্পের মাধ্যমে করছে কেন্দ্র।
তবে এর জন্য কেন্দ্রের কোনও অতিরিক্ত টাকা খরচ হবে না। বর্তমানে মনরেগা সহ বিভিন্ন যে স্কিম আছে, সেগুলিতেই কিছু বদল করা হবে পরিযায়ী শ্রমিকদের কথা ভেবে। সরকার যে ২০ লক্ষ কোটির প্যাকেজ ঘোষণা করেছে, সেটিতে ছোটো ব্যবসা, কৃষিক্ষেত্র ও গ্রামীন অর্থনীতির জন্য বেশ কিছু সিদ্ধান্ত আছে। সেগুলিকেও পরিযায়ীদের স্বার্থে ব্যবহার করতে উদ্যোগী কেন্দ্র। প্রায় ৯১ লক্ষ পরিযায়ী শ্রমিক ইতিমধ্যেই বাড়ি ফিরে গিয়েছে।
কোন কোন জেলায় ২৫ হাজারের বেশি পরিযায়ী ফিরেছে, সেটি এখন হিসাব করে দেখা হচ্ছে। তেমন জেলায় আগেভাগে শুরু করা হবে এই নয়া প্রকল্প। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই আধিকারিক বলেন যে লাখ লাখ লোক বাড়ি ফিরেছে, সবাই মনরেগায় মাটি কাটতে চাইবেন না। অনেকে বিভিন্ন কাজে পারদর্শী, তাই তাঁদের জন্য হরেক রকমের প্রকল্প নিয়ে আসার কথা হচ্ছে এমএসএমই, কৃষি ও গ্রামীন শিল্পের মাধ্যমে। জুনেই এই নয়া প্রকল্প চালু হতে পারে।
আরেক আধিকারিক বলেছেন যে কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও কেন্দ্রীয় সরকারের সাহায্যপ্রাপ্ত প্রকল্পে ক্ষমতা আছে চাহিদা অনুযায়ী বদল করার। সরাসরি কেন্দ্র টাকা দেয় বলে সমস্যা কম। আগে থেকেই টাকা ধরা আছে প্রতিটি প্রকল্পে, লোকজনকে কাজে যুক্ত করে দিলেই হবে।





