India: আমেরিকার বাড়তি শুল্ক-চাপকে উপেক্ষা করে সেপ্টেম্বরে রাশিয়ান তেল আমদানিতে রেকর্ড বাড়াল ভারত!

বিশ্ব অর্থনীতিতে তেলের দাম নিয়ে টানাপোড়েন নতুন কিছু নয়। একদিকে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা, অন্যদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকে শক্তির রাজনীতি আরও জটিল হয়েছে। এই প্রেক্ষাপটে ভারত সবসময় চেষ্টা করেছে নিজের স্বার্থকে অগ্রাধিকার দিতে। আমেরিকার চাপ থাকলেও সস্তায় তেল পাওয়ার সুযোগ হাতছাড়া করেনি দিল্লি।

সম্প্রতি মার্কিন প্রশাসন ভারতের পণ্যের ওপর মোট ৫০ শতাংশ শুল্ক বসিয়েছে। এর বড় অংশই এসেছে রাশিয়ান তেল কেনার ইস্যু থেকে। ট্রাম্প প্রশাসন অভিযোগ তুলেছিল, ভারত রাশিয়ার কাছ থেকে বেশি তেল আমদানি করছে। ফলস্বরূপ অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপানো হয়। তবে নরেন্দ্র মোদী সরকার শুরু থেকেই এই পদক্ষেপকে “অযৌক্তিক” বলে বর্ণনা করেছে। ভারতের বক্তব্য, কোথা থেকে সস্তায় তেল পাওয়া যাবে, সেটাই হবে তাদের অগ্রাধিকার।

তবে শুল্ক চাপের মধ্যেও দেখা যাচ্ছে, ভারত নিজের অবস্থান থেকে সরে আসেনি। প্রাথমিক ট্যাঙ্কার ট্র্যাকিং তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ১৬ দিনে ভারত প্রতিদিন গড়ে ১.৭৩ মিলিয়ন ব্যারেল রাশিয়ান তেল আমদানি করেছে। তুলনায়, জুলাই মাসে প্রতিদিন ১.৫৯ মিলিয়ন এবং অগস্টে ১.৬৬ মিলিয়ন ব্যারেল তেল এসেছিল। অর্থাৎ আমেরিকার চাপ কার্যত কোনও প্রভাব ফেলতে পারেনি। বিশেষজ্ঞদের মতে, এর প্রকৃত ফলাফল বোঝা যাবে সেপ্টেম্বর-অক্টোবরের পরিসংখ্যান প্রকাশের পর।

ভারতীয় বিদেশ মন্ত্রক বারবার মনে করিয়ে দিয়েছে, ২০২২ সালে যুদ্ধ শুরুর সময় আমেরিকা নিজেই ভারতকে রাশিয়ান তেল কেনার পরামর্শ দিয়েছিল, যাতে বিশ্ব জ্বালানি বাজার স্থিতিশীল থাকে। সেই অবস্থান এখনও বজায় রেখেছে ভারত। রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার সংস্থাগুলিও জানিয়েছে, রাশিয়া থেকে তেল কেনা নিয়ে কোনও নতুন নিষেধাজ্ঞা সরকারের তরফে আসেনি। বরং ভর্তুকিযুক্ত তেলের কারণে গত কয়েক বছরে ভারত কয়েক বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে পেরেছে।

আরও পড়ুনঃ Naredra Modi: জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ট্রাম্পের ফোন, পাল্টা বন্ধুকে ধন্যবাদ জানালেন মোদী! তবে কি নতুন ছন্দে ভারত–আমেরিকা সম্পর্ক?

আজকের দিনে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উপভোক্তা। দেশের প্রায় ৮৮ শতাংশ অপরিশোধিত তেল আসে আমদানির মাধ্যমে। ২০২২ সালের শুরুতে রাশিয়ার অংশ ছিল মোট আমদানির মাত্র ২ শতাংশ। কিন্তু মাত্র তিন বছরের মধ্যে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক-তৃতীয়াংশেরও বেশি। অর্থাৎ রাশিয়া এখন ভারতের সবচেয়ে বড় তেল সরবরাহকারী। আন্তর্জাতিক চাপে দিল্লি নত না হয়ে এই অবস্থান বজায় রেখেছে বলেই বিশ্ব শক্তির খেলায় ভারতের কূটনৈতিক বার্তা স্পষ্ট—নিজেদের স্বার্থে তারা কোনও সমঝোতা করতে রাজি নয়।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles