মিষ্টি বা ফল নয়, ভারতের এই মন্দিরে প্রসাদ হিসেবে দেওয়া হয় মটন বিরিয়ানি

সাধারণত মন্দিরে প্রসাদ হিসেবে ফল, মিষ্টি বা বাতাসা দেওয়া হয়ে থাকে। কিন্তু ভারতে এমন একটি মন্দির রয়েছে, যেখানে ফল বা মিষ্টি কিছু নয়, প্রসাদ হিসেবে ভক্তদের দেওয়া হয় মটন বিরিয়ানি।

১৯৭৩ সাল থেকে তামিলনাড়ুর মাদুরাইয়ে মুনিয়ান্দি মন্দিরে এই রীতি চলে আসছে। এর নেপথ্যে একটি রয়েছে কাহিনিও। জানা যায়, সেই সময় মাদুরাইয়ের বারাকামপাত্তি গ্রামের এক ব্যক্তি হোটেলের ব্যবসা শুরু করেন। তাঁর সেই ব্যবসা খুব সফল হয়।

এই কারণে ওই ব্যক্তি মন্দিরের বিগ্রহকে উৎসর্গ করে আয়োজন করেন একটি মহাভোজের। আর সেখানে ভোজ হিসাবে খাওয়ানো হয় মটন বিরিয়ানি। এরপর থেকেই ওই মন্দিরকে কেন্দ্র প্রত্যেক বছর একটি উৎসব হয় যা মুনিয়ান্দি উৎসব নামে পরিচিত। প্রতি বছর জানুয়ারির তৃতীয় সপ্তাহে হয় এই উৎসবটি। টানা তিন দিন ধরে এই উৎসব চলে।

ওই ব্যক্তির হোটেল ব্যবসা সফল হওয়ার কারণে গ্রামের অনেক মানুষই হোটেলের ব্যবসা শুরু করেন। আর বেশ আশ্চর্যের বিষয় হল ওই মন্দিরের আশেপাশে যে ক’টি হোটেল রয়েছে, সেই সমস্ত হোটেলের নামের সঙ্গে মুনিয়ান্দি নামটিও যুক্ত হয়ে রয়েছে।

RELATED Articles