আসাদউদ্দিন ওয়েইসির উপর হামলা, AIMIM প্রধানের দীর্ঘায়ু কামনা করে ১০১টি ছাগবলি দিলেন জনৈক ব্যবসায়ী

AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়েইসির উপর হওয়া হামলাকে কেন্দ্র করে নির্বাচনের ঠিক আগেই বেশ উত্তপ্ত উত্তরপ্রদেশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচনী প্রচার সেরে ফেরার সময় হামলার মুখে পড়েন ওয়েইসি।

ওয়েইসির গাড়ি লক্ষ্য মকরে তিন-চার রাউন্ড গুলি চালানো হয়। তবে এই হামলায় কোনও আঁচড় লাগেনি AIMIM প্রধানের। তবে তাঁর গাড়ির চাকা ফেঁসে যায়। এমন পরিস্থিতিতে প্রিয় নেতার মঙ্গল কামনা করে এক জনৈক ব্যবসায়ী ১০১টি ছাগবলি দিলেন।

এদিন এই বলিদানের সময় সেখানে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক ও ওয়েইসির দলের সদস্য আহমেদ বালালাও। সূত্রের খবর, তেলেঙ্গানার মালাকপেটের এই বিধায়ক ছাড়াও আরও নানান ওয়েইসির সমর্থকরা তাঁর দীর্ঘায়ু কামনা করে নানান জায়গায় প্রার্থনা করেছেন।

বৃহস্পতিবার দুর্ঘটনার পরে আসাদউদ্দিন সংবাদ সংস্থা এএনআইকে এই বিষয়ে বলতে গিয়ে জানান, “আমি দিল্লি যাচ্ছিলাম মীরাটের কিঠাউর থেকে। সেই সময়ই ছাজরসি টোল প্লাজার কাছে আমার গাড়িতে দুই দুষ্কৃতী ৩-৪ রাউন্ড গুলি চালায়। আমার গাড়ির চাকা ফেঁসে গিয়েছে। পরে আমি অন্য গাড়িতে ঘটনাস্থল থেকে ফিরি”।

এই ঘটনায় সঙ্গে জড়িত দুই অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। অন্যতম অভিযুক্ত শচীনের দাবী, ওয়েইসির বক্তৃতা শুনে তাদের মাথা গরম হয়ে গিয়েছিল, এই কারণে তারা আসাদউদ্দিন ওয়েইসিকে হত্যার চক্রান্ত করে।

পুলিশ সূত্রের খবর, বিগত বেশ কয়েক দিন ধরেই ওয়েইসির উপর হামলার পরিকল্পনা করছিল শচীন ও শুভম। তারা জানিয়েছে, গত কয়েকদিনে তারা ওয়েইসির সব জনসভা ও নির্বাচনী প্রচারের সাক্ষী থেকেছে। কিন্তু হামলার সুযোগ পায়নি। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় সুযোগ মিলতেই গুলি চালায় তারা।

তবে শেষ পর্যন্ত তাদের সমস্ত পরিকল্পনা ভেস্তে যায়। পুলিশ তাদের জেরা করে জানার চেষ্টা করছে যে এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কী না বা তারা কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেয়েছিল।

আরও অন্যান্য খবর