ভারতীয় বাহিনীকে আটকানোর ক্ষমতা কারোর নেই, চীনকে শানিয়ে হুঁশিয়ারি জারি বিপিন রাওয়াতের

কোনও শক্তিই ভারতীয় নিরাপত্তা বাহিনীকে দমিয়ে রাখতে পারে না। তাদের আটকানোর ক্ষমতা কারোর নেই। আজ, শনিবার অরুণাচল ও অসমের সীমান্তে দাঁড়িয়ে কার্যত চীনের বিরুদ্ধে এই হুঁশিয়ারি শানালেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত।

গত জুন মাসের ১৫ তারিখ থেকেই উত্তপ্ত হয়ে ওঠে গালওয়ান উপত্যকা। চীন সেনারা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করতে তাদের আটকাতে তৎপর হয় ভারতীয় সেনা। ভারতের বিরুদ্ধে নেপাল ও পাকিস্তানকে উস্কে দেওয়ার অভিযোগও ওঠে চীনের বিরুদ্ধে। এরপর ডোকলাম মালভূমির কাছে ভুটানের জায়গা দখল করে চীন। এই জায়গায় গ্রাম তৈরি করে রেললাইন পাতার কাজও করার চেষ্টা করছে চীন সরকার। এমনকি, উত্তর-পূর্বের বিভিন্ন জঙ্গি সংগঠনকে মদতও দিচ্ছে চীন, এমন খবরও উঠেছে।

এই চরম পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ, শনিবার অরুণাচল ও অসমের চীন সীমান্ত সংলগ্ন ভারতীয় সেনা ঘাঁটিগুলি পরিদর্শনে যান চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। সংশ্লিষ্ট এলাকাগুলিতে নজরদারি চালানোর জন্য কী কী ব্যবস্থা নেওয়া  হচ্ছে বা শত্রুপক্ষ হামলা চালালে কী ব্যবস্থা নেওয়া হবে, তা খতিয়ে দেখেন তিনি।

এদিন সীমান্ত পরিদর্শনে গিয়ে বিপিন রাওয়াত বলেন, “ভারতীয় জওয়ানরাই প্রতিকূলতার মধ্যেও সীমান্ত রক্ষার জন্য নিজেদের সবটুকু সঁপে দেন। কর্তব্য পালনের জন্য সবসময় তৎপর ভারতীয় সেনা। তাঁরা নিজেদের কর্তব্য পালনের জন্য যে ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যান, তা আর কোনও দেশের সেনারা করেন না”।

প্রসঙ্গত, গত বছরের এই দিনেই ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে নির্বাচিত হন বিপিন রাওয়াত। ভারতীয় বায়ুসেনা, স্থলসেনা, ও নৌসেনার প্রশিক্ষণ ও বাকী সবকিছু দেখভালের দায়িত্বে রয়েছেন তিনি।

আরও অন্যান্য খবর