নরেন্দ্র মোদীর পর এবার লাদাখে উপস্থিত হলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর সঙ্গে রয়েছেন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে এবং চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। একটু আগেই শেষ হয়েছে ভারত ও চীন সেনা কমান্ডার পর্যায়ের বৈঠক। এই বৈঠকে এপ্রিল মাসের আগে লাদাখের যে স্থিতাবস্থা ছিল তা ফেরানোর দাবিতে সরব হয়েছে ভারত। এছাড়াও গালওয়ান-সহ প্যাংগং লেকের ফিংগার ৪ থেকে ৮ পর্যন্ত এলাকায় চীনা অনুপ্রবেশ নিয়ে সরব হয়েছে ভারত। তবে জানা গিয়েছে যে ভারতের সব দাবি মানতে রাজি নয় চীন ফলে আবার তৈরি হয়েছে উত্তেজনা। এইসময়ে প্রতিরক্ষামন্ত্রীর লাদাখ সফর অবশ্যই গুরুত্বপূর্ণ।
আজ লেহতে লুকুং ফরওয়ার্ড এলাকা পরিদর্শন করেন প্রতিরক্ষামন্ত্রী।সেখানে সেনা ঘাঁটিতে তাঁর সামনে সামরিক মহড়া চলে। লেহ-র স্তাকনায় প্রতিরক্ষামন্ত্রী, সেনাপ্রধান এবং CDS-এর সামনে মহড়ায় পাহাড়ে কীভাবে যুদ্ধ করতে হয়, তার ঝলক দেখান ভারতীয় জওয়ানরা। ভারতীয় সেনাবাহিনীর পারদর্শিতা নিজের চোখে দেখেন প্রতিরক্ষামন্ত্রী।
পিকা মেশিনগানেও নিশানা করেন প্রতিরক্ষা মন্ত্রী। তাঁর সফর দুদিনের। এছাড়া জানা গিয়েছে তিনি লাদাখ হাসপাতালে ভর্তি আহত জওয়ানদের সঙ্গেও দেখা করবেন। বর্তমানে প্যাংগং লেক এর ফিংগার ৪ থেকে ৮ এলাকা পর্যন্ত চীন যে সেনা মোতায়েন রেখেছে তা কোনোভাবেই সম্পূর্ণ সরাতে রাজি নয়। তাই ভারতও নিজের অবস্থানে অনড়। গত মঙ্গলবার পূর্ব লাদাখের চুসুলে ১৪ ঘণ্টার বৈঠক করেছিল ভারত-চীন সেনার কমান্ডারেরা। সেখানেই নয়া দিল্লির তরফে নিজেদের অনড় মনোভাবের কথা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়।






