যদিও মরু রাজ্যে দলের বেসামাল অবস্থা নিয়ে চিন্তিত কংগ্রেস তবুও দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী কেন্দ্রকে টুইটারে ক্রমাগত আক্রমণ করতে ভুলছেন না। এবার রাহুল অভিযোগ করলেন, লকডাউনে শ্রমিক স্পেশ্যাল ট্রেন চালিয়ে ভারতীয় রেলের রোজগার হয়েছে ৪২৯ কোটি টাকা। আর এই টাকা রেল আদায় করেছে রাজ্য সরকারগুলোর কাছ থেকে। যা কিনা খরচের তুলনায় বেশ খানিকটা কম।
https://twitter.com/RahulGandhi/status/1286870993336598528?s=20
এদিকে রেল সূত্রে জানানো হয়েছে, পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে যে ট্রেন চালানো হয়েছিল, তাতে খরচ হয়েছে প্রায় ২ হাজার ১৪২ কোটি টাকা। অর্থাৎ ব্যয়ের থেকে আয় অনেকটাই কম। জাতীয় কংগ্রেসের দাবি উল্টো। রাহুল গান্ধী তো টুইট করে স্পষ্ট বলে দিচ্ছেন যে মানুষের বিপদের সময় কেন্দ্রীয় সরকার মুনাফা লুঠছে।
প্রসঙ্গত যখন শ্রমিক স্পেশাল ট্রেনের ঘোষণা করা হয়েছিল তখন শ্রমিকদের জন্য নির্দিষ্ট পরিমাণ একটি ভাড়া স্থির করা হয়েছিল। সেই সময় রেলের এই ঘোষণা নিয়ে অনেক জল ঘোলা হয়েছিল। তখন কংগ্রেস জানায় যে এই ভাড়া কংগ্রেস দেবে। তারপরেই চাপের মুখে কেন্দ্র জানায় যে রেল ৮৫% ভাড়া নিজে থেকেই দেবে। বাকি ১৫ শতাংশ রাজ্য সরকারগুলিকে দিতে হবে।
সূত্র মারফত জানা গিয়েছে যে সেইমতো রাজ্য সরকার গুলোর কাছ থেকে মোট ৪২৯ কোটি টাকা রেল আদায় করেছে। শ্রমিকদের নিজেদের রাজ্যে ফেরত পাঠানোর জন্য ১০২ কোটি টাকা দিয়েছে গুজরাট সরকার যা সবচেয়ে বেশি। মহারাষ্ট্র দিয়েছে ৮৫ কোটি, তামিলনাড়ু দিয়েছে ৩৪ কোটি। তবে, এই ৪২৯ কোটি টাকা খরচের তুলনায় অনেকটাই কম। কারণ, দেশজুড়ে এই ট্রেনগুলো চালাতে রেলের খরচ হয়েছে ২১৪২ কোটি টাকা।





