দিন কয়েক আগেই বিজেপি নেতা বৈজয়ন্ত জয় পান্ডে অভিযোগ করেন, পাকিস্তানি ইভেন্ট ম্যানেজার এবং ব্যবসায়ী রেহান সিদ্দিকির সঙ্গে ব্যবসায়িক যোগ রয়েছে শাহরুখ খান এবং তাঁর স্ত্রী গৌরী খানের। রেহানের একটি রেডিও চ্যানেল রয়েছে। যে চ্যানেলের মাধ্যমে ভারত বিরোধী প্রোপাগন্ডা চালানো হয় বলেও অভিযেোগ তাঁর। একই সঙ্গে রেহান সিদ্দিকির পাশাপাশি কাশ্মীরি আর্কিটেক্ট টনি আসাইয়ের সঙ্গেও শাহরুখ-গৌরীর যোগ রয়েছে ব্যাবসায়িক। টনি আসাইয়ের বিরুদ্ধে জঙ্গিদের মদত দেওয়া সহ সেনার উপরে পাথর ছোড়ার অভিযোগ রয়েছে। এমনকী, টনি আসাইয়ের সঙ্গে শাহরুখ-গৌরীর ছবি প্রকাশ্যে আসার পর থেকে শুরু হয় তুমুল শোরগোল।
আর এবার একই সুর শোনা গেল শিবসেনা সাংসদ রাহুল শিওয়ালের গলায়। তাঁর কথায়
পাকিস্তানি বংশোদ্ভূত রেহান সিদ্দিকির আমন্ত্রণে সাড়া দিয়ে যে সব বলিউড তারকারা অনুষ্ঠান করতে বিদেশে যান, তাঁদের বিরুদ্ধে এবার তদন্ত করা উচিত। শুধু তাই নয়, তাঁদের ধরে ধরে এবার জিজ্ঞাসাবাদ করা উচিত বলেও দাবি করলেন শিবসেনা সাংসদ রাহুল শিওয়ালে।
ইভেন্ট ম্যানেজার রেহান সিদ্দিকির সঙ্গে যোগ রয়েছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের। ফলে রেহানের আমন্ত্রণে যাঁরা মার্কিন মুলুকে বা ইউরোপে অনুষ্ঠান করতে যান, এবার ইডি বা এনআইএ-র জিজ্ঞাসাবাদের সামনে হাজির হওয়া উচিত বলিউডের সেই সব তারকাদের। এমনকী, বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে ইতিমধ্যেই চিঠিও দিয়েছেন বলে জানান রাহুল শিওয়ালে।
শিবসেনার এই সাংসদ অভিযোগ করেন, গত বছর হাউজস্টনের বাসিন্দারা অভিযোগ করেন, রেহান সিদ্দিকি নামে ওই হাই প্রোফাইল ইভেন্ট ম্যানেজার পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে যুক্ত। এমনকী, তিনি যে সমস্ত অনুষ্ঠানের আয়োজন করেন, সেখান থেকে সংগৃহীত অর্থের মাধ্যমে ভারত বিরোধী কার্যকলাপেও মদত দেওয়া হয়। ওই অভিযোগের পরই রেহান সিদ্দিকি এবং তাঁর আয়োজিত অনুষ্ঠান এবং সেখানে হাজির বলিউড তারকাদের গতিবিধি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দেওয়া হয়। এবার স্বরাষ্ট্র মন্ত্রেকর উচিত বিষয়টি নিয়ে তদন্ত করা। এমন দাবিও করেন রাহুল শিওয়ালে।





