যাঁরা পোষ্যদের নিজের সন্তানের মতো ভালোবাসেন, তাঁরা জানেন তাঁদের হারানোর যন্ত্রণা কতটা গভীর হতে পারে। ঠিক তেমনই নিজের প্রিয় পোষ্য গোল্ডুকে স্মরণ করে আবেগঘন পোস্ট করলেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি ভাগ করে নিয়েছেন তিনি। সেই ছবিগুলির মধ্যেই ধরা পড়েছে গোল্ডুর সঙ্গে পরিবারের নানা সুন্দর মুহূর্ত। পোস্টটি সামনে আসতেই অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েছেন। কারণ ছবিগুলির মধ্যেই লুকিয়ে রয়েছে ভালোবাসা, স্মৃতি আর হারানোর কষ্ট। রূপসার কথাতেও স্পষ্ট হয়েছে, আজও গোল্ডুর অভাব ভীষণভাবে অনুভব করেন তাঁরা।
রূপসার পোস্ট করা প্রথম ছবিতে দেখা গিয়েছে ছোট্ট ডুগ্গু দাদু ও দিদার সঙ্গে বসে রয়েছে। সেই ছবিতেই রয়েছে পরিবারের আদরের গোল্ডুও। দ্বিতীয় ছবিটিও বিশেষ মুহূর্তে ভরা। সেখানে একদিকে রূপসার মা গোল্ডুকে আদর করছেন, অন্যদিকে রূপসা নিজেও ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন তাকে। তবে তৃতীয় ছবিটি সবচেয়ে বেশি আবেগঘন। কারণ সেই ছবিতে আর জীবন্ত গোল্ডুকে দেখা যায়নি। সেখানে রাখা ছিল গোল্ডুর ছবি এবং তার গলায় পরানো লোহার শিকলটি। সামনে সাজানো ছিল আম, আইসক্রিম এবং বল, যা গোল্ডুর খুব প্রিয় ছিল বলেই বোঝা গিয়েছে।
আরও পড়ুন: রাতে ফোন করে প্রাণনা’শের হু’মকি সোহম চক্রবর্তীকে! পরিবর্তনের বাংলায় চাপে প্রাক্তন তৃণমূল বিধায়ক? মুখ্যমন্ত্রীর কাছে দাবি করলেন নিরাপত্তার?
এই ছবিগুলির সঙ্গে রূপসা একটি আবেগপূর্ণ বার্তাও লিখেছেন। অভিনেত্রী লেখেন, “আমাদের গোল্ডু বাবা। আজ ওর ১৪তম জন্মদিন। আর যদিও আমাদের সঙ্গে থাকতো তাহলে ডুগ্গুর সঙ্গে একসঙ্গে বড় হত। আবার আমাদের কাছে এসো সোনা। তোমার জায়গাটা একদম ফাঁকা পড়ে আছে। আমরা সবাই তোমাকে ভীষণ ভালোবাসি আর তোমাকে ভীষণ মিস করছি।” তাঁর এই কথাগুলি পড়ে অনুরাগীরাও আবেগে ভেসেছেন। অনেকেই মন্তব্য করে গোল্ডুর জন্য ভালোবাসা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় পোস্টটি। পোষ্যপ্রেমীরাও রূপসার এই কষ্টের সঙ্গে নিজেদের অনুভূতি মিলিয়ে নিয়েছেন।
অভিনয়ের দিক থেকেও এই মুহূর্তে ব্যস্ত সময় কাটাচ্ছেন রূপসা চট্টোপাধ্যায়। বর্তমানে তাঁকে ‘পরিণীতা’ ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে দেখা যাচ্ছে। কিছুদিন মাতৃত্বের কারণে অভিনয় থেকে দূরে থাকলেও এখন আবার নিয়মিত কাজ শুরু করেছেন অভিনেত্রী। দর্শকদের কাছ থেকেও তাঁর অভিনয় যথেষ্ট প্রশংসা পাচ্ছে। টেলিভিশনের পরিচিত মুখ হিসেবে বহুদিন ধরেই জনপ্রিয় রূপসা। ব্যক্তিগত জীবনের নানা ব্যস্ততার মধ্যেও অভিনয়ের জগতে নিজের জায়গা ধরে রেখেছেন তিনি। তাই ব্যক্তিগত এই আবেগঘন পোস্টও অনুরাগীদের মধ্যে বিশেষ সাড়া ফেলেছে।

২০২৪ সালের অক্টোবর মাসে ধুমধাম করে সায়নদীপের সঙ্গে বিয়ে করেছিলেন রূপসা। বিয়ের কিছুদিনের মধ্যেই তিনি মাতৃত্বের সুখবর ভাগ করে নিয়েছিলেন সকলের সঙ্গে। এরপর মাত্র চার মাসের মধ্যেই মা হন অভিনেত্রী। সেই সময় সোশ্যাল মিডিয়ায় নানা কটাক্ষের মুখেও পড়তে হয়েছিল তাঁকে। যদিও সেই বিতর্ক এখন অনেকটাই অতীত। বর্তমানে স্বামী, সন্তান এবং পরিবারকে নিয়ে সুখেই সংসার করছেন অভিনেত্রী। তার মাঝেই প্রিয় পোষ্য গোল্ডুকে স্মরণ করে তাঁর এই পোস্ট যেন আরও একবার বুঝিয়ে দিল, পরিবারের সদস্যদের মতোই পোষ্যরাও মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।






