ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)-র বায়োপিক ‘দাদা’ নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। চলতি বছরের এপ্রিলেই ছবির আনুষ্ঠানিক ঘোষণা হয়েছিল। জানা গিয়েছিল, ছবিতে সৌরভের চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেতা রাজকুমার রাও (Rajkummar Rao)। এবার সামনে এল নতুন আপডেট। এই ছবিতে গঙ্গোপাধ্যায় পরিবারের বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে টলিউডের একাধিক জনপ্রিয় অভিনেতাকে।
খবর অনুযায়ী, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাবা প্রয়াত চণ্ডী গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। ইতিমধ্যেই মুম্বইয়ে নিজের অংশের শুটিং শুরু করে দিয়েছেন তিনি। অন্যদিকে, সৌরভের মা নিরুপা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় দেখা যাবে অপরাজিতাকে (Aparajita Adhya)। পরিবারের আরও এক গুরুত্বপূর্ণ সদস্য স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা রাহুল দেব বোস (Rahul Dev Bose)।
ছবির সঙ্গে যুক্ত একটি সূত্র জানিয়েছে, বর্তমানে মুম্বইয়ে প্রথম দফার শুটিং চলছে। শাশ্বত, অপরাজিতা এবং রাহুল এই শিডিউলেই ব্যস্ত রয়েছেন। সবচেয়ে বড় চমক, সম্প্রতি শুটিং সেটে হাজির হয়েছিলেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়। নিজের জীবনের গল্প কীভাবে পর্দায় ফুটে উঠছে, তা কাছ থেকে দেখেছেন তিনি। মুম্বইয়ের পর খুব শিগগিরই কলকাতায় শুরু হবে ছবির পরবর্তী পর্যায়ের শুটিং।
আরও পড়ুন: ভোটের ফলাফলের পর সারা বাংলায় হিংসার উস্কানির অভিযোগ! পরমব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ১০৭ এফআইআর দায়ের! মহা বিপাকে টলি অভিনেতা-অভিনেত্রী?
পরিচালক বিক্রমাদিত্য (Vikramaditya Motwane)-র এই ছবিতে সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)-র চরিত্র নিয়েও ছিল জোর আলোচনা। প্রথমে একাধিক বাঙালি অভিনেত্রীর নাম শোনা গেলেও শেষ পর্যন্ত এই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী তানিয়া। ছবিতে শুধু ক্রিকেটজীবন নয়, সৌরভ ও ডোনার ব্যক্তিগত সম্পর্ক এবং প্রেমের গল্পও গুরুত্বপূর্ণভাবে তুলে ধরা হবে বলে জানা গিয়েছে।
নিজের কেরিয়ারের অন্যতম বড় দায়িত্ব হিসেবে এই ছবিকে দেখছেন রাজকুমার রাও। সমাজমাধ্যমে শুটিং শুরুর খবর শেয়ার করে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারেও অভিনেতা জানান, সৌরভ গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করা তাঁর কাছে একইসঙ্গে গর্বের এবং চ্যালেঞ্জের। লভ রঞ্জন ও অঙ্কুর গর্গ প্রযোজিত এই বায়োপিক নিয়ে ইতিমধ্যেই ক্রিকেট ও সিনেমাপ্রেমীদের মধ্যে বাড়ছে কৌতূহল।
English Tags: Sourav Ganguly biopic, Dada movie, Rajkummar Rao, Rahul Dev Bose, Saswata Chatterjee, Aparajita Adhya, Vikramaditya Motwane, Dona Ganguly, Bengali actors, Bollywood sports biopic, Sourav Ganguly movie
Bengali Tags: সৌরভ গঙ্গোপাধ্যায়, দাদা বায়োপিক, রাজকুমার রাও, শাশ্বত চট্টোপাধ্যায়, রাহুল দেব বোস, অপরাজিতা আঢ্য, বিক্রমাদিত্য মোতওয়ানে, ডোনা গঙ্গোপাধ্যায়, টলিউড, বলিউড, ক্রিকেট বায়োপিক






