ভোটের মধ্যেই বাংলায় জাঁকিয়ে বসছে করোনা জ্বর। কাঁপছে রাজ্য সহ দেশ। সবচেয়ে বেশি ব্যাঘাত ঘটেছে শিয়ালদহ শাখায় ট্রেন পরিষেবায়। মারণ ভাইরাসে একাধিক চালক ও গার্ড আক্রান্ত হয়েছেন। যার জেরে ফের বাতিল করা হল লোকাল ট্রেন। পূর্ব রেল সূত্রে জানা যাচ্ছে, এখনও পর্যন্ত ৫৬টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ওই শাখায় প্রায় ৯০ জন চালক ও গার্ড করোনায় আক্রান্ত হয়েছেন। তবে, তুলনামূলক ভালো অবস্থায় হাওড়া শাখা। এখনও ট্রেন বাতিল নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
শিয়ালদহ শাখায় করোনা বিস্ফোরণ প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, ‘পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। ৯০ জনের মতো চালক ও গার্ড কাজে যোগ দিতে পারেননি। কারণ, তাঁরা করোনায় আক্রান্ত হয়েছেন। আমরা ৫৬টি লোকাল ট্রেন বাতিল করেছি। চেষ্টা করছি যাতে মেল বা এক্সপ্রেস ট্রেন পরিষেবায় কোনও প্রভাব না পড়ে।’ তিনি আরও বলেন, ব্যস্ত সময় নয়, এমন সময়ে ট্রেনগুলি বাতিল করা হয়েছে।
আরও পড়ুন-করোনা সংক্রমণের জেরে কি বাতিল হচ্ছে দূরপাল্লার ট্রেন? কি জানাচ্ছে ভারতীয় রেল? পড়ুন-
প্রসঙ্গত উল্লেখ্য, করোনা সংক্রমণের জেরে গত সপ্তাহ থেকেই শিয়ালদহ শাখায় ট্রেন বাতিল করা হচ্ছে। সোমবার ২৫টি ট্রেন বাতিল করা হয়েছিল। গত সপ্তাহে একদিনে শিয়ালদহ ডিভিশনের ১৪ জন গার্ড করোনা-আক্রান্ত হয়ে পড়ায় লোকাল ট্রেন পরিষেবায় প্রভাব পড়ে। গার্ডের অভাবে গত শুক্রবার ডিভিশনের বিভিন্ন শাখায় আপ ও ডাউন মিলিয়ে মোট ২৬টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছিল। শনিবারও ট্রেনগুলি বাতিল ছিল।
আরও পড়ুন-সাবধান! করোনা থেকে সেরে ওঠার ১০২ দিন পর ফের আক্রান্ত হতে পারেন করোনায়, দাবি গবেষণায়





