গত বুধবার তাঁর বঙ্গ সফরের কথা ছিল। কিন্তু সেই কর্মসূচি বাতিল হয়ে যায় আবহাওয়ার কারণে। এরপর জানা যায়, আজ, শনিবার কলকাতায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে তাঁর কিছু কর্মসূচিতে কাটছাঁট করা হয়েছে। ফলে প্রশ্ন উঠছে আর জি করের নির্যাতিতার মা-বাবার সঙ্গে দেখা করবেন তো স্বরাষ্ট্রমন্ত্রী?
বিজেপি সূত্রে খবর, আজ, শনিবার রাত ১০টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন অমিত শাহ। এদিন রাতে নিউটাউনের এক হোটেলে থাকবেন তিনি। রবিবার ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। প্রথমেই এদিন সকাল ১১টা নাগাদ অমিত শাহ যাবেন হেলিকপ্টারে চোরে নদিয়ার কল্যাণীতে। সেখানে বিএসএফের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখানে পেট্রাপোলে মৈত্রীদ্বারের উদ্বোধন করবেন।
এরপর এদিন দুপুরে কল্যাণী থেকে আরামবাগ যাওয়ার কথা ছিল তাঁর। সেখানে একটি সরকারি কর্মসূচি ছিল। সেখানেই মধ্যাহ্নভোজ সারবেন বলে ঠিক ছিল। এরপর তিনি আরামবাগ থেকে কলকাতা ফিরে আসতেন। কিন্তু তাঁর আরামবাগের কর্মসূচি বাতিল হয়ে গিয়েছে বলে খবর।
জানা যাচ্ছে, যে মাঠে অমিত শাহ্’র কর্মসূচি হওয়ার কথা ছিল, গতকালের বৃষ্টির জেরে সেই মাঠে জল জমে রয়েছে। ফলে স্বরাষ্ট্রমন্ত্রীর চপার নামতে পারবে না। সেই কারণেই তাঁর আরামবাগের কর্মসূচি বাতিল করা হয়েছে। ফলে কল্যাণী থেকেই কলকাতা চলে আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর সল্টলেকের ইজেডসিসি-তে রয়েছে দলীয় কর্মসূচি।
প্রতি ৬ বছর অন্তর বিজেপির সদস্য সংগ্রহ অভিযান হয়। নানান রাজ্যে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান শুরু হলেও, বাংলায় এখনও তা আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। রবিবার সদস্য সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক সূচনার পাশাপাশি রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করতে পারেন বলে সূত্রের খবর। আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬টি বিধানসভা আসনে উপনির্বাচন। তার আগে দলের রাজ্য নেতাদের শাহ একাধিক নির্দেশ দিতে পারেন বলে সূত্রের খবর।
আরও পড়ুনঃ অবাক করা কাণ্ড! আর জি করের নির্যাতিতার নিজের কলেজেই মিলল না গণ কনভেনশনের অনুমতি, কী কারণ দর্শানো হল?
গত বুধবার অমিত শাহ্’কে চিঠি দিয়েছিলেন আর জি করের নির্যাতিতার মা-বাবা। তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন তারা। সেই পরিপ্রেক্ষিতেই নির্যাতিতার মা-বাবার সঙ্গে দেখা করার সম্ভাবনা রয়েছে অমিত শাহ্’র। আগামী মঙ্গলবার তিনি দেখা করতে পারেন বলে খবর। শোনা যাচ্ছে, নিরাপত্তার কারণে হয়ত নির্যাতিতার বাড়ি নয়, এইমস হাসপাতালে নির্যাতিতার মা-বাবার সঙ্গে দেখা করতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী।





