আন্দোলনকারী চিকিৎসকদের বিরুদ্ধেই থ্রেট কালচারের অভিযোগ, অনিকেতদের বিরুদ্ধে পাল্টা সংগঠন জুনিয়র চিকিৎসকদের একাংশের

আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-মৃত্যুর ন্যায় বিচারের দাবী থেকে শুরু করে আর জি করে থ্রেট কালচার-সহ নানা ইস্যুতে সরব হয়েছেন জুনিয়র চিকিৎসকরা। নানান আন্দোলন-প্রতিবাদ, কর্মবিরতি, অনশন করেছেন তারা। এবার সেই আন্দোলনকারী চিকিৎসকদের বিরুদ্ধেই পাল্টা থ্রেট কালচারের অভিযোগ আনলেন জুনিয়র চিকিৎসকদের একাংশ।

জানা গিয়েছে, জুনিয়র চিকিৎসকের একাংশের এই সংগঠনের নাম  ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন। এই অ্যাসোসিয়েশনের তরফে আজ, শনিবার দুপুর ৩টের সময় কলকাতা প্রেস ক্লাবে বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকেই আত্মপ্রকাশ করবে এই নতুন সংগঠন। তাদের প্রতিবাদের সংগঠনের বিস্তারিত বক্তব্য ও আন্দোলনের রূপরেখা জানাবেন তারা এই বৈঠকে।

আবার কাকতালীয়ভাবে শনিবারই দুপুর ৩টের সময় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফেও গণ কনভেনশনের আয়োজন করা হয়েছে আর জি করে। তবে জুনিয়র চিকিৎসকদের একাংশের এই সংগঠন নয়ে বেশ শোরগোল তৈরি হয়েছে। এই বিষয়ে অবশ্য অনিকেত মাহাতো বা কিঞ্জল নন্দদের কোনও প্রতিক্রিয়া মেলেনি এখনও।   

ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের তরফে শ্রীশ চক্রবর্তী এক ভিডিও বার্তায় জানান, “নির্যাতিতা দিদির বিচারের নাম করে কিছু লোকে নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য রোগী পরিষেবা অব্যাহত করে স্বাস্থ্যকেন্দ্রে অরাজকতা তৈরি করতে চাইছে। যার প্রতিবাদ জানাতে গিয়ে আমাদের কয়েকজনকে থ্রেট কালচারের শিকার হতে হল। কিছু ছাত্রছাত্রীকে অ্যাকাডেমিক ও পেশাগত দায়িত্ব থেকে অন্যায়ভাবে বহিষ্কৃত করা হয়েছে”।

বলে রাখি, আর জি করের ৫৩ জনকে থ্রেট কালচারের অভিযোগে সাসপেন্ড করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রশাসনকে না জানিয়ে কেন একাজ করা হয়েছে তা নিয়ে জুনুওর চিকিৎসকদের সঙ্গে নবান্নের বৈঠকে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় অনিকেত মাহাতো বলেছিলেন, “ম্যাডাম ওরা নটোরিয়াস ক্রিমিনাল”।

এরপরই আবার গতকাল, শুক্রবার অনিকেত মাহাতোদের বিরুদ্ধে আরও এক অভিযুক্তকে আড়াল করার অভিযোগ তোলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় তৃণমূল নেতা লেখেন, “মধুমিতা ঘোষ, রামপুরহাট মেডিক্যাল কলেজের ছাত্রী ছিলেন। ২৬শে জানুয়ারী ২০২১, তাকে হোস্টেলের ঘরে ঝুলন্ত অবস্থায় যখন পাওয়া যায় ততক্ষনে তার মৃত্যু হয়েছে। মেয়েটির বাবা মা ওই কলেজের প্রথম বর্ষের মেডিক্যাল ছাত্র শাহবাজ শেখের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। কলেজে দাদাগিরি, থ্রেট কালচারের সাথে মধুমিতা ঘোষের খুনে অভিযুক্ত সেদিনের সেই শাহবাজ এখন থ্রেট কালচারের বিরুদ্ধে ডায়ালগ দিচ্ছে সাথে জাস্টিসের স্লোগান। আর অনিকেত মাহাতোদের দেওয়া নটোরিয়াস ক্রিমিনালের(!) লিস্টে কিন্তু এর নাম থাকে না, কারণ উনি অনিকেতদের লবির”।

আরও পড়ুনঃ আজই কলকাতায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী, অমিত শাহ্‌’র কর্মসূচিতে কাটছাঁট, আর জি করের নির্যাতিতার মা-বাবার সঙ্গে দেখা করবেন না শাহ?

আর এরপরই এবার সামনে এল অনিকেত, কিঞ্জলদের বিরুদ্ধে জুনিয়র চিকিৎসকদেরই একাংশের পাল্টা সংগঠনের ঘটনা। এর জেরে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে কী প্রভাব পড়বে, সেটাই এখন দেখার!

RELATED Articles