বিগত বেশ কিছু মাস ধরেই বঙ্গ বিজেপি নেতৃত্বের উপর বেশ খাপ্পা হয়ে রয়েছেন তিনি। টার্গেট করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে দলের মুখপাত্র শমীক ভট্টাচার্যকে। বিরোধিতার কারণেই কেন্দ্রীয় নিরাপত্তাও খুইয়েছেন, সঙ্গে কেন্দ্রীয় পদও। বঙ্গ বিজেপির সঙ্গে তাঁর যে দূরত্ব বেশ বেড়েছে, তা বলাই বাহুল্য। মাঝে এমন গুঞ্জনও শোনা গিয়েছিল যে তিনি নাকি তৃণমূলে ফিরছেন। তবে লোকসভা ভোটে তিনি লড়বেন। মানুষ চাইছে বলেই তিনি ভোটে লড়বেন বলে স্পষ্ট জানিয়ে দিলেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা।
কী জানালেন অনুপম?
গতকাল, শুক্রবার বোলপুরে এক সাংবাদিক বৈঠক করেন অনুপম হাজরা। সেখানেই তিনি জানান, আসন্ন লোকসভা নির্বাচনে বোলপুর কেন্দ্র থেকেই লড়বেন তিনি। তবে তাঁর দল তাঁকে টিকিট দেবে কী না, তা যদিও স্পষ্ট করেন নি তিনি। অনুপমের কথায়, “মানুষ চাইছে, মানুষ আমাকে মেসেজ করে, ফোন করে বলছে। আমি বুঝেছি মানুষ আমাকে চাইছে তাই আমি নির্বাচনে লড়াই করব। লড়াই করতে দলের প্রয়োজন পড়ে না”।
কিছুদিন আগেই কেন্দ্রীয় পদ খুইয়েছেন অনুপম। সেই প্রসঙ্গে এদিন তিনি বলেন, “আমাকে সরিয়ে দেওয়া থেকে দুটি জিনিস স্পষ্ট হয়ে যায় যে দলে যারা নিষ্ক্রিয় হয়ে বসে রয়েছেন তাঁদের দলের প্রয়োজন নেই। দলে যে প্রকার সিন্ডিকেট চলছে সেই সিন্ডিকেট যেমন চলছে তেমন চলুক”।
পরোক্ষভাবে তোপ বিজেপির রাজ্য নেতৃত্বকে
এদিন সাংবাদিক বৈঠকে নাম না করেই বঙ্গ বিজেপি নেতৃত্বকে তোপ দাগেন অনুপম। বলেন, “রাজ্য নেতৃত্ব যেভাবে তোলাবাজি সিন্ডিকেট চালিয়ে যাচ্ছে তাতে দল রসাতলে যাবে। লোকসভা নির্বাচনে যে সিট বিজেপি পাবে শুধুমাত্র নরেন্দ্র মোদি ও রামমন্দির ইস্যুর জন্যই পাবে। এখানে নেতৃত্বের কোনও অবদান নেই”।
কাজল শেখের প্রশংসা অনুপমের মুখে
বীরভূম জেলায় তৃণমূলের কোর কমিটি থেকে সরানো হয়েছে কাজল শেখকে। এই প্রসঙ্গে অনুপমের বক্তব্য, “আমার যতটুকু জানা, সভাধিপতি হওয়ার পর বীরভূম জেলায় কাজল শেখ যেভাবে নিজের প্রভাব বাড়াচ্ছিল সেটাই অসুবিধা হয়ে দাঁড়িয়েছে কাজল শেখের বিরোধীদের। সে কারণে তারাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়েছেন আর তাতেই সরিয়ে দেওয়া হয়েছে”। এদিনের এই বৈঠকে তিনি মূলত বোঝানোর চেষ্টা করেন যে তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত কতটা ঠিক, কতটা ভুল, সেই প্রমাণ সময় দেবে।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!