বিগত কয়েকদিন ধরেই নানান ইস্যু নিয়ে সরব হয়েছেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা। বঙ্গ বিজেপি নেতৃত্বকে বারবার তোপ দেগেছেন তিনি। তাঁর নানান মন্তব্য দলের অস্বস্তি বাড়িয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে নিয়েও কটাক্ষ করেছেন অনুপম। তাঁর দাবী, সংগঠনের অন্দরে স্বার্থ নিয়ে যারা ঘুরে বেড়ায়, তাদের সামনে আনলে আখেরে দলেরই লাভ হবে। এবার গতকাল, শনিবার অনুপমের আরও একটি সোশ্যাল মিডিয়া পোস্ট নতুন করে চাঞ্চল্য বাড়াল বঙ্গ বিজেপির অন্দরে।
কী লিখলেন সোশ্যাল মিডিয়ায় অনুপম?
এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অনুপম লেখেন, “পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ, যারা রাজনীতি করেন (সে যে দলেরই সদস্য হোক না কেন) – তাদের কাছে আমার দুটি প্রশ্ন রইলো। ১. দলের কোণঠাসাদের উজ্জীবিত করা যে কোনও পার্টির পক্ষে ক্ষতিকারক? ২. তাহলে কি পার্টিকে বিক্রি করে নিজের পকেট গরম করাটা বা পার্টিতে থেকে চুরি করাটা শৃঙ্খলা রক্ষার মধ্যে পড়ে। আর এটা নিয়ে আওয়াজ তুললেই শৃঙ্খলা ভঙ্গ হয়ে যায়”?
রাজনৈতিক মহলের মতে, অনুপম মুখে যাই বলুন না কেন, তিনি আসলে বঙ্গ বিজেপির একাংশকেই প্রশ্নবাণে বিঁধেছেন। সম্প্রতি আবার কেন্দ্রীয় নিরাপত্তাও প্রত্যাহার করা হয়েছে অনুপমের। তা নিয়েও বিতর্কের অন্ত নেই। যদিও অনুপম বলেছেন যে তাঁর অনুরোধেই কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। কিন্তু সেকথা মানতে নারাজ রাজনৈতিক মহল।
কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়া নিয়ে অনুপম সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, “সিকিউরিটি তুলে নেওয়া হল নাকি নভেম্বর মাসে কোনও এক ঘটনার পরিপ্রেক্ষিতে সিকিউরিটি তুলে নিতে অনুরোধ করেছিলাম, সেটাও ভালভাবে জেনে খবরটা করা দরকার। আর কিসের কিসের জন্য অনুরোধ করেছি সময় বলবে। অনেক খেলা বাকি আছে”।
অনুপমের এদিনের পোস্ট প্রসঙ্গে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “এ নিয়ে যা বলার আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলবেন। যদি বলতে চান আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলবেন”।





