বাংলায় বিজেপির রণনীতি কি হবে সেই বিষয়ে আলোচনায় গত শুক্রবার দিল্লিতে অমিত শাহের বাড়িতে বৈঠকে বসেন দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয় ও দলের কেন্দ্রীয় নেতৃত্ব। সূত্রের খবর, সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবার বাংলায় বড়মাপের মিছিল-মিটিং হবে। গোটা বিষয়টি পরিচালনার দায়িত্বে থাকবে গেরুয়াশিবিরের রাজ্য নেতারাই। আর রাজ্যে এসে সেই কর্মসূচিতে যোগ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতির মতো পদ্ম শিবিরের মাথারা।
বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড় তুলতে রাজ্যজুড়ে রথযাত্রার আয়োজন করতে চলেছে বিজেপি। ফেব্রুয়ারি ও মার্চে রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে পৌঁছবে এই রথযাত্রা। আর সেই রথযাত্রাতেই অংশগ্রহণ নেবেন বিজেপির মহারথীরা। বিজেপি রাজ্য ও কেন্দ্রের নেতারা। লালকৃষ্ণ আদবাণীর ঐতিহাসিক রথযাত্রা থেকে শুরু করে বিভিন্ন রায়ে এই কর্মসূচির আয়োজন করে ব্যাপক সাফল্য পেয়েছে বিজেপি। এবার সেই কৌশলেই বাংলা মাতাতে চাইছে তাঁরা।
বিজেপি সূত্রের খবর, মোট ৫টি রথযাত্রা আয়োজনের পরিকল্পনা করেছে তারা। ইতিমধ্যে ভোটের আগে বঙ্গীয় বিজেপি সংগঠনকে চাঙ্গা করতে রাজ্যকে ৫টি জোনে ভাগ করে ৫ জন কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করেছে বিজেপি নেতৃত্ব। সেই ৫টি জোনে হবে এক একটি রথযাত্রা। জোনের প্রতিটি বিধানসভা কেন্দ্র স্পর্শ করে যাবে রথযাত্রাগুলি। তাতে থাকবেন কেন্দ্র – রাজ্য ও স্থানীয় নেতারা।
বিজেপির দাবি, রথযাত্রার মতো কর্মসূচির আয়োজন হলে কর্মীদের পাশপাশি সাধারণ মানুষের মধ্যেও উন্মাদনা তৈরি হয়। আর এতে সরাসরি প্রভাব পড়বে বিজেপির ভোটবাক্সে।
প্রসঙ্গত এর আগেও পশ্চিমবঙ্গে রথযাত্রার আয়োজন করেছে বিজেপি। ২০১৯ লোকসভা নির্বাচনের আগেও রাজ্যে রথযাত্রা করেছিল বিজেপি।





