BJP : ক্লাস চলাকালীন হানা! প্রাথমিক স্কুলে ঢুকে শিক্ষককে মারতে উদ্যত বিজেপি নেতা, ভাইরাল ভয়ঙ্কর ভিডিও!

সকালটা আর পাঁচটা দিনের মতোই শুরু হয়েছিল। কিন্তু মুহূর্তের মধ্যেই তা বদলে যায় এক বিভীষিকাময় অভিজ্ঞতায়। স্কুল প্রাঙ্গণে ঢুকে পড়ে এক বাইরের ব্যক্তি, আর তারপর যা ঘটল, তা নজিরবিহীন। শিক্ষক-শিক্ষিকারা আতঙ্কিত, পড়ুয়ারা চিৎকার করে উঠল ভয় ও ভ্যাবাচ্যাকা নিয়ে। এমন পরিস্থিতি একজন শিক্ষক তো দূরের কথা, সাধারণ মানুষও কল্পনা করেন না। অথচ, এই ঘটনাই ঘটল ঝাড়গ্রামের এক সরকারি স্কুলে।

ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের জামবনি ব্লকের গিধনী চক্রের অন্তর্গত রানীপাল প্রাথমিক বিদ্যালয়ে। অভিযোগ, সেখানে আচমকাই হাজির হন এক বিজেপি কর্মী। স্কুল তখন ক্লাস চলাকালীন। শিক্ষক-শিক্ষিকারা পড়াতে ব্যস্ত। হঠাৎ সেই বিজেপি কর্মী শুরু করেন গালিগালাজ, তারপর একে একে শিক্ষকদের মারধর করতে উদ্যত হন। এমনকি, একজন শিক্ষক মোবাইলে তাঁর এই আচরণ ক্যামেরাবন্দি করতে গেলে, তাঁকেও মারার চেষ্টা করা হয়। মুহূর্তে আতঙ্ক ছড়ায় গোটা স্কুলে।

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সেই বিজেপি কর্মীর হুমকি ও দাদাগিরির ভিডিও। স্থানীয় বাসিন্দাদের অনেকেই সেই ভিডিও দেখে হতবাক। অভিযোগ আরও, অভিযুক্ত ব্যক্তি প্রকাশ্যে শিক্ষক ও সহশিক্ষককে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। তাঁকে স্কুল থেকে বের করে দেওয়ার উদ্যোগ নেওয়া হলে, তখনই তিনি খুনের হুমকি দিতে শুরু করেন বলে জানা গিয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিদ্যালয়ের পড়ুয়ারা, শিক্ষক এবং অভিভাবক মহলে চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ঘটনার পর শিক্ষকমণ্ডলী জামবনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশের পক্ষ থেকে তৎপরতা দেখানো হয়। দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃ India pakistan : ২৪ অগস্ট পর্যন্ত ‘নো এন্ট্রি’ পাকিস্তানের জন্য! ভারতের কড়া সিদ্ধান্তে চাপ বাড়ছে ইসলামাবাদের!

ঘটনাটি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। শিক্ষক সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। রাজনৈতিক রঙ লাগায় বিষয়টি আরও বিতর্কিত হয়ে উঠেছে। প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং দোষী ব্যক্তির বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles